আম্মান, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিরোধী বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি করানোর চেষ্টায় দামেস্কে গেছেন জাতিসংঘ শান্তিদূত লাখদার ব্রাহিমি।
আগামী কয়েকদিনের মধ্যেই তিনি বিষয়টি নিয়ে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
শুক্রবার দামেস্কে পৌঁছেছেন ব্রাহিমি। শনিবার সকালে তার বৈঠক করার কথা রয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মৌয়ালেমের সঙ্গে।
দামেস্কে জাতিসংঘের মুখপাত্র খালেদ আল মাসরি একথা জানান। কিন্তু ব্রাহিমি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করবেন কিনা তা তিনি জানান নি।
দামেস্কে পৌঁছে ব্রাহিমি সাংবাদিকদের বলেন, “আমরা যুদ্ধবিরতি এবং সিরিয়া ইস্যু নিয়ে কথা বলব। সহিংসতা কমানোটা খুবই জরুরি। আমরা সিরিয়া ইস্যু নিয়ে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে কথা বলব।”
এর আগে ব্রাহিমি বলেছিলেন, তিনি সিরীয় ভাইদের কাছে অনুরোধ জানিয়ে বলবেন, আপনারা সরকার পক্ষের বা বিপক্ষের যাই হোন, আগামী সপ্তাহে ঈদের তিন কী চারদিন যুদ্ধ বন্ধ রাখুন।
“এটি সিরীয়দের কাছে একটি আবেদন, তারা যুদ্ধবন্ধ রেখে নিজেরাই এর তদারকি করুক। এটি কোনো রাজনৈতিক পদ্ধতি বা সিরিয়া সমস্যার কোনো প্রয়োজনীয় সমাধান নয়,” বলেন তিনি।
এর আগে যুদ্ধবিরতির আরেক প্রচেষ্টা শুরুতেই মুখ থুবড়ে পড়ে। এপ্রিলের ওই যুদ্ধবিরতি শুরুর কয়েকদিনের মধ্যেই আবার পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যায়। এজন্য সরকার পক্ষ থেকে বিদ্রোহীদের ও বিদ্রোহী পক্ষ থেকে সরকারকে দায়ী করা হয়েছিল। কয়েকমাসের মধ্যেই শান্তিদূত কফি আনান হতাশ হয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন।
এবার ব্রাহিমির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সিরীয় সরকার বলেছে, উভয়পক্ষকেই এই উদ্যোগ শ্রদ্ধার সঙ্গে নিতে হবে।
আসাদের প্রবল সমালোচক তুরস্ক ও শক্তিশালী মিত্র ইরান উভয়েই এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে।
কোনো বিষয়ে তুরস্ক ও ইরানের একমত হওয়া একটি বিরল ঘটনা।
দামেস্ক থেকে সিরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রাহিমি শনিবার সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
গত ১৯ মাস ধরে চলা সিরিয়ার সরকার বিরোধী লড়াই-বিদ্রোহে এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবী করেছে সিরিয়ার সরকার বিরোধী এক মানবাধিকার গোষ্ঠী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৫৮ ঘ.
bdnews24