২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিদ্রোহী এলাকায় বিমান হামলা, নিহত ৪৯

সিরিয়ার বিদ্রোহী অধিকৃত শহর মারাত আল নুমানে বিমান হামলা চালানো হয়েছে। এতে শিশুসহ অন্ততপক্ষে ৪৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বিদ্রোহী অধিকৃত শহর মারাত আল নুমানে বিমান হামলা চালানো হয়েছে। এতে শিশুসহ অন্ততপক্ষে ৪৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। বৃহস্পতিবার সকালে সিরিয় জঙ্গি বিমানগুলো এ হামলা চালায় বলে দ্য ডন সংবাদমাধ্যম জানায়। ৯ অক্টোবর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরপশ্চিমাঞ্চলীয় এই শহরটি দখল করেছিল বিদ্রোহীরা। উদ্ধারকারীরা জানায়, বোমায় দুটি আবাসিক ভবন ও একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে। আবাসিক ভবন দু’টিতে শরণার্থী অনেক নারী ও শিশু আশ্রয় নিয়েছিল। নিহতদের মধ্যে নয় মাসের একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। “আমরা ধ্বংসস্তুপ থেকে ৪৪টি মৃতদেহ উদ্ধার করেছি,” বলেন এক উদ্ধারকারী। “হামলায় ভবন দু’টিতে বসবাসরত মাত্র তিনজন রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে একটি দুই বছরের শিশুও আছে,” বলেন জাফর সোরহোব নামে এক চিকিৎসাকর্মী। শহরটি লক্ষ করে বিমানগুলো থেকে অন্ততপক্ষে ১০টি বোমা নিক্ষেপ করা হয়। বিকেলে আবারও হামলা চালানো হয়। এ সময় আরো পাঁচজন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৮ঘ.