ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় কিংবদন্তীতুল্য ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’য় ভূষিত করার ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ব্যাটসম্যান ম্যাথু হেউডেন।
এনডিটিভির এক খবরে বলা হয়, হেইডেন অস্ট্রেলিয়ার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সে (শচিন) এই সম্মান পাওয়ার যোগ্য নয়। এটি শুধু অস্ট্রেলিয়ানদেরই পাওয়া উচিৎ।
স¤প্রতি ভারত সফরকালে শচিনকে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’য় সম্মানিত করার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
সাক্ষাৎকারে হেইডেন বলেন, “এই সম্মান শুধুমাত্র অস্ট্রেলিয়ানদেরই পাওয়া উচিৎ। [...] আমি জানি শচিন একজন আইকনিক ব্যক্তিত্ব। যদি শচিন অস্ট্রেলিয়ায় বসবাস করতেন তবে তাকে প্রধানমন্ত্রিত্ব দিলেও আপত্তি নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি ভারতে বাস করেন।”
শচিনকে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মাননা দেওয়ার ঘোষণায় অস্ট্রেলিয়ায় বেশ বিরূপ সমালোচনা শুরু হয়েছে।
ওই সম্মাননার জন্য শচিনকে নির্বাচন করা প্রসঙ্গে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী গিলার্ড বলেছেন, “ভারতে থেকেও শচিন অস্ট্রেলিয়ার একজন শুভাকাক্সক্ষী।
‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মাননা অস্ট্রেলিয়ার নাগরিক বা অন্য কোনো ব্যক্তি যার অনন্য সেবা মানবজাতি ও অস্ট্রেলিয়াকে উপকৃত করেছে, এমন সব ব্যক্তিদের কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মান দিয়ে থাকে অস্ট্রেলিয়া।
দেশটির রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৭৫ সালে এ পুরস্কার দেয়া শুরু করেন।
অর্ডার অব অস্ট্রেলিয়ার ছয়টি ধাপের মধ্যে ‘মেম্বার অব অর্ডার অব অস্ট্রেলিয়া’ তে (এএম) ভূষিত করা হবে ক্রিকেটের বরপুত্র শচিনকে।
বিদেশি কোনো ক্রিকেটারকে এ সম্মানে ভূষিত করার বিষয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, “শচিন বিশেষ কেউ।”
ভারত সফরের সময় শচিনের হাতে পুরস্কারটি তুলে দেবেন অস্ট্রেলিয়ার শিল্পকলা বিষয়ক মন্ত্রী সিমনো ক্রিন।
বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন শচিন।
শচিন সম্প্রতি ভারতীয় পার্লামেন্টের সদস্যও নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪০ ঘ.
bdnews24