ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮০ বছর ধরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন নিউজউইক আগামী ৩১ ডিসেম্বর তাদের সর্বশেষ ছাপা সংস্করণ প্রকাশ করবে, এরপর থাকবে শুধু অনলাইন সংস্করণ।
সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রচলিত বিজ্ঞাপনের হার কমতে থাকায় সংবাদমাধ্যমগুলো অনলাইন সংস্করণের দিকে ঝুঁকছে।
যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিনের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা নিউজউইকও বিজ্ঞাপনের হার ও বিক্রি কমে যাওয়ায় অনলাইন সংস্করণের পথ বেছে নিচ্ছে। দেশটিতে প্রথম অবস্থানে আছে সাপ্তাহিক ম্যাগাজিন ‘টাইম’।
দুই বছর আগে ইন্টারনেট সংবাদ গোষ্ঠী ‘দ্য ডেইলি বিস্ট’ এর অঙ্গীভূত হয়ে যায় নিউজউইক। এখন ডেইলি বিস্টের ওয়েব পেজ খুললে নিউজউইক পড়ারও সুযোগ পাওয়া যায়।
ডেইলি বিস্টের প্রতিষ্ঠাতা টিনা ব্রাউন বলেছেন, এখন প্রতি মাসে ১ কোটি ৫০ লাখ মানুষ তাদের সাইট দেখে থাকেন। গত বছর এ হার ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৪ঘ.
bdnews24