২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে কৃচ্ছ্রবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ

গ্রিসে নতুন করে সরকারের কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে সাধারণ ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

এথেন্স, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গ্রিসে নতুন করে সরকারের কৃচ্ছ্র পদক্ষেপের বিরুদ্ধে সাধারণ ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গ্রিসে তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার প্রতিবাদ-ধর্মঘট করল শ্রমিকরা। গ্রিসে ৫ বছরের অর্থনৈতিক মন্দার পর সরকারের মজুরি এবং অবসর ভাতা কাটছাঁটের নতুন পদক্ষেপ দুর্ভোগই কেবল বাড়াবে- ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকের আগে এ সত্য তুলে ধরতেই বৃহস্পতিবার ২৪ ঘণ্টার ধর্মঘট করেছে গ্রিকরা। এথেন্সের কেন্দ্রস্থলে সমবেত হয় ৩০ হাজারেরও বেশি মানুষ। এ সময় পার্লামেন্টের সামনের কিছু অংশ ঘিরে থাকা পুলিশের দিকে বিক্ষোভকারীরা মার্বেল, বোতল এবং পেট্রোল বোমা ছুড়ে মারলে পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে। বিক্ষোভকারীদের কারো কারো হাতে ছিল গ্রিক, স্প্যানিশ এবং পর্তুগীজ পতাকা। ‘ইইউ, আইএমএফ নিপাত যাও,’ স্লোগান দিচ্ছিল তারা। গ্রিসে অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে ইইউ/আইএমএফ এর কাছ থেকে ঋণ তহবিল সহায়তা লাভের শর্ত হিসাবে কঠোর ব্যয়কাটছাঁটের পদক্ষেপ নিতে হচ্ছে সরকারকে। ফলে জনগণ ক্রমেই এর বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে। জনমত জরিপগুলোতে এমনটিই দেখা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৯১৮ঘ.