২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সংঘাত মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে: ব্রাহিমি

সিরিয়ায় সংঘাতের রাশ টেনে ধরা না গেলে এ গৃহযুদ্ধ দেশের গণ্ডি পেরিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে বলে বুধবার হুঁশিয়ার করেছেন আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

বৈরুত, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় সংঘাতের রাশ টেনে ধরা না গেলে এ গৃহযুদ্ধ দেশের গণ্ডি পেরিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে বলে বুধবার হুঁশিয়ার করেছেন আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমি। বুধবার লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈরুতে এক বৈঠকের পর ব্রাহিমি বলেন, এ মাসে ঈদুল আজহা উপলক্ষ্যে সিরিয়ায় লড়াইরত দু’পক্ষেরই যুদ্ধবিরতিতে পৌঁছার একটা ভালো সুযোগ রয়েছে এবং এ সুযোগ তারা কাজে লাগাবে বলেই তিনি আশা করেন। সতর্ক করে দিয়ে ব্রাহিমি বলেন, সিরিয়ায় সহিংসতার রাশ টেনে ধরা না গেলে গোটা মধ্যপ্রাচ্য এর দুর্ভোগ পোহাবে। “সিরিয়া সঙ্কট অনির্দিষ্টকালের জন্য দেশের গন্ডিতেই সীমাবদ্ধ থাকতে পারে না। এ সঙ্কট সামাল দিতে হবে; নয়ত তা বাড়তে বাড়তে গোটা অঞ্চলকে গ্রাস করবে”, বলেন তিনি। সিরিয়ায় যুদ্ধবিরতি করার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকেই অগ্রণী ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহিমি। তিনি জানান, সিরিয়া সরকার যুদ্ধবিরতি করলে বিদ্রোহীরাও একই পদক্ষেপ নিতে রাজি থাকবে বলে তাকে কথা দিয়েছে। তবে সিরিয়ার সরকারপক্ষ ইতোমধ্যেই ব্রাহিমি প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি করার আগ্রহ প্রকাশ করেছে বলে এক খবরে জানিয়েছে বিবিসি। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ আল মাকদিসি বিবিসি কে বলেছেন, সিরিয়া সরকার সঙ্কট অবসানে যে কোনো উদ্যোগেই রাজি থাকবে। তবে সহিংসতা বন্ধে বিদ্রোহীপক্ষ ও তাদের সমর্থক দুপক্ষকেই কাজ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/২২৪০ঘ.