জাতিসংঘ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহে নেতৃত্ব দিচ্ছেন রুয়ান্ডার প্রতিরক্ষামন্ত্রী। আর রুয়ান্ডার পাশাধপাশি উগান্ডাও কঙ্গো বিদ্রোহীদের অস্ত্র যোগোচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিশেষজ্ঞদলের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর প্রাণঘাতী হামলার ক্ষেত্রে বিদ্রোহীদের সহায়তা করতে সেনা পাঠিয়েছে ওই দুই দেশ।
কঙ্গোর উত্তরাঞ্চলীয় কিভু প্রদেশে কঙ্গোর সরকারি সেনাদের বিরুদ্ধে এম২৩ বিদ্রোহীদের ছয়মাসের লড়াইয়ে রুয়ান্ডা এবং উগান্ডা সমর্থন দিচ্ছে বলে জানানো হয়েছে ৪৪ পাতার এ প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, “রুয়ান্ডার কর্মকর্তারা বিদ্রোহীদের আন্দোলনকে সংগঠিত করতে ও তাদের গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে সহায়তা করছে। অন্যদিকে, রাজধানী কাম্পালা থেকে এম২৩’র রাজনৈতিক শাখা পরিচালনা ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়াতে সহায়তা করছে উগান্ডা।”
প্রতিবেদনে আরো বলা হয়, রুয়ান্ডা ও উগান্ডার সেনারা ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ নিয়ন্ত্রিত এলাকা বাড়ানোর জন্য তাদের সহায়তা করছে।
তবে রুয়ান্ডা ও উগান্ডা উভয় দেশই দৃঢ়ভাষায় কঙ্গো বিদ্রোহীদেরকে সহায়তা করার কথা অস্বীকার করেছে।
বিদ্রোহীদের সংঘর্ষের কারণে ওই এলাকা থেকে প্রায় ৫ লাখ মানুষ অন্যত্র চলে গেছে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান হারভে লাডসোস গত মাসে জানিয়েছেন, বিদ্রোহীরা কঙ্গোর পূর্বাঞ্চলে আধিপত্য বিস্তার করছে এবং মানুষজনের কাছ থেকে কর আদায় করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬১৫ঘ.
bdnews24