২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের পরমাণু নিরাপত্তায় ১৩শ’ কোটি ডলারের পরিকল্পনা

পরমাণু প্রকল্পের নিরাপত্তা ও পরমাণু বর্জ্য নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ২০১৫ সালের মধ্যে প্রায় ১৩শ’ (১২ দশমিক ৭৪) কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

সাংহাই, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পরমাণু প্রকল্পের নিরাপত্তা ও পরমাণু বর্জ্য নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ২০১৫ সালের মধ্যে প্রায় ১৩শ’ (১২ দশমিক ৭৪) কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে চীন। প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনের পরিবেশ রক্ষা মন্ত্রণালয় । আগামী দুই দশকে ১০০টি পরমাণু চুল্লি তৈরি করার পরিকল্পনা করেছিল চীন। কিন্তু ২০১১ সালের মার্চে জাপানের ফুকুশিমা পরমাণু প্রকল্পের দুর্ঘটনার পর পরিকল্পনা স্থগিত করে বিদ্যমান ৪১টি পরামাণু প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার আদেশ দেয়। প্রতিবেদনে ২০২০ সালের মধ্যে চীনের পরমাণু প্রকল্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, দেশটির সরকার শিগগিরই পরমাণু চুল্লির সংখ্যা বাড়ানোর বিষয়টি অনুমোদন করবে। চীনের পরমাণু প্রকল্পগুলোর বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা আশাবাদী হওয়ার মতো নয় বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়। “চীনে বিভিন্ন ধরনের পরামাণু চুল্লি আছে। এগুলোর প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থাও ভিন্ন ধরনের। ফলে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে,” প্রতিবেদনে বলা হয়। এগুলোর আধুনিকায়ন প্রয়োজন বলে প্রতিবেদনে সুপারিশ করা হয়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, চীন নিজের পরমাণু সক্ষমতা বর্তমানের ১২ দশমিক ৫৭ গিগাওয়াটকে ২০২০ সালের মধ্যে ৬০ থেকে ৭০ গিগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করেছে। আগের পরিকল্পনায় ৮০ গিগাওয়াটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৭ ঘ.