নম পেন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কম্বোডিয়ার সাবেক রাজা নরোদোম শিয়ানুক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
সোমবার বেইজিং এর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন কম্বোডিয়ার সাবেক এ রাজা।
এছাড়া দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।
নরোদোম শিয়ানুক ১৯৪১ সালে সিংহাসনে আরোহণ করেন এবং তার নেতৃত্বে ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয় কম্বোডিয়া।
ভগ্ন স্বাস্থ্যের জন্য ২০০৪ সালে ক্ষমতা ত্যাগ ও দীর্ঘদিন নির্বাসনে থাকার পরও কম্বোডিয়ায় গুরুত্বপূর্ণ ব্যক্তি রাজা শিয়ানুক।
কম্বোডিয়ার সরকারি এক মুখপাত্র জানান, নম পেনের রাজ প্রাসাদে আনুষ্ঠানিক শেষকৃত্য করার জন্য শিয়ানুকের মরদেহ ফেরত আনার প্রত্যাশা করা হচ্ছে। মরদেহ আনতে রাজা নরোদম সিয়ামনি ইতোমধ্যে বেইজিং রওয়ানা হয়ে গেছেন।
রাজা শিয়ানুকের সহকারী ও আত্মীয় প্রিন্স সিসোওয়াথ থোমিকো বলেন, “তার মৃত্যু কম্বোডিয়ার জন্য বিরাট ক্ষতি। রাজা শিয়ানুক শুধু তার পরিবারের নয়, তিনি কম্বোডিয়ার ও কম্বোডিয়ার ইতিহাস।”
রাজা শিয়ানুক ১৯২২ সালে জন্ম গ্রহণ করেন। কম্বোডিয়ার রাজা নরোদম সুরামারিত ও রানী কোসামাকের বড় সন্তান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩১২ ঘ.
bdnews24