ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/)- অবসরে যাওয়া নাসার শাটল মহাকাশযান এনডেভার তার শেষ গন্তব্য জাদুঘরে যাত্রাপথে বাধা পেল গাছে।
বিবিসি জানায়, বিশাল একটি ট্রলিতে করে লস এঞ্জেলেসের রাস্তা দিয়ে চলার পথে এ বাধার মুখে পড়ে এনডেভার।
ফলে শনিবার সন্ধ্যায় জাদুঘরে পৌঁছার পরিকল্পনা থাকলেও তা হয়ে ওঠেনি।
মূল্যবান গাছ না কেটে বরং গাছে আটকা পড়া এনডেভারের পাখা অনেক কসরত করে সময় নিয়ে ছাড়ানো হয়। ফলে চেকপয়েন্ট ‘বাল্ডউইন হিলস ক্রেনশ প্লাজা মল’ এ নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা পর পৌঁছায় এনডেভার।
শুক্রবার লস এঞ্জেলেসের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ মাইলের এ যাত্রা শুরু করে এনডেভার।
ক্যালিফোর্নিয়ার সায়েন্স সেন্টারে গিয়ে তা শেষ হওয়ার কথা। যাত্রাপথে বাধা পড়লেও রোববার সকালেই এনডেভার গন্তব্যে পৌঁছনোর আশা করা হচ্ছে।
প্রচণ্ডগতির যে মহাকাশযানটি একসময় ঘণ্টায় ১৭ হাজার মাইল পাড়ি দিয়েছে সেটিই এখন লস এঞ্জেলেস শহরের সরু রাস্তা দিয়ে চলেছে শম্বুকগতিতে।
শনিবার বিশাল এ মহাকাশযানটিকে একনজর দেখতে হাজার হাজার বাসিন্দা ঘরের বাইরে বেরোয়।
৭৫ টন ওজনের এ মহাকাশযান মহাশূন্য অভিযান শুরু করে ১৯৯২ সালে। অবসরে যাওয়ার আগ পর্যন্ত এটি ২৫ বার মহাকাশে গমন করেছে, পাড়ি দিয়েছে ১২৩ মিলিয়ন মাইল, পৃথিবী পরিভ্রমণ করেছে প্রায় চার হাজার ৭০০ বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/১৭৫৮ঘ.
bdnews24