২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি হামলায় গাজায় জঙ্গি নেতা নিহত

ইসরায়েলি আকাশ হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি জঙ্গিগোষ্ঠির এক ফিলিস্তিনি নেতা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

গাজা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি আকাশ হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি জঙ্গিগোষ্ঠির এক ফিলিস্তিনি নেতা নিহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস ও হাসপাতাল সূত্রগুলো। হামলায় ওই নেতার সঙ্গী আরো এক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় রাতে মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় ওই দুইজনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। গাজার নিয়ন্ত্রণকারী হামাসের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহত জঙ্গি নেতার নাম হিশাম আল সায়েদনি। তিনি আবু আল ওয়ালিদ আল মাকদিসি নামেও পরিচিত। সায়েদনিকে সালাফিপন্থী জিহাদি গোষ্ঠি তাওহিদ ও জিহাদের শীর্ষ নেতা বলে মনে করা হয়। তবে সায়েদনি নিহত হওয়ার বিষয়টি তাওহিদ ও জিহাদের পক্ষ থেকে কেউ নিশ্চিত করেনি। আল কায়েদার সঙ্গে সম্পর্কিত তাওহিদ ও জিহাদ গোষ্ঠি হামাসের বিরুদ্ধবাদী প্রতিদ্বন্দ্বি দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৪৭ ঘ.