২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের প্রস্তুতি নিচ্ছেন ওবামা-রমনি

যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি বুধবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের প্রার্থী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনি বুধবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। টেলিভিশনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তিনটি বিতর্কের প্রথমটি অনুষ্ঠিত হবে ওইদিন। ফলে আপাতত নির্বাচনী প্রচারাভিযান বাদ রেখে বিতর্কে একে অপরকে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন দুজনই। আর এ সুযোগে ভোটারদের ভোট দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওবামা ও রমনির দুই রানিংমেট ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পল রায়ান। ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কোলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে ওবামা আর রমনির মধ্যে ওই তিনটি টেলিভিশন বিতর্ক নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। শনিবার ওবামা পুরো দিন হোয়াইট হাউজেই কাটিয়েছেন এবং ওইদিন কোন সরকারি কাজ হাতে রাখেননি তিনি। বিতর্কের প্রস্তুতি নেয়ার জন্য উপদেষ্টাদের একান্ত পরামর্শ নিতে রোববার নেভাদা অঙ্গরাজ্যে গেছেন ওবামা। ওদিকে, রমনি বোস্টনে তার ছেলের বাসায় রয়েছেন এবং বিতর্কের প্রস্তুতির জন্য তিনিও সোমবার পরামর্শ নিতে ডেনভারে রওনা দেবেন। ডেনভারে বিতর্ক শেষে দুই প্রার্থীই আবার নির্বাচনী প্রচারাভিযানে ফিরবেন। নির্বাচনী জরিপে এখন পর্যন্ত রমনির তুলনায় জনসমর্থনে এগিয়ে আছেন ওবামা। তবে টেলিভিশন বিতর্কে ভালো ফল করলে রমনি জনসমর্থনের দিক দিয়ে ওবামার সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারবেন বলেই মনে করছে রমনি শিবির। আর ওবামার পরামর্শদাতারাও বলছেন, বিতর্কের পর জরিপে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতে পারে বলে মনে করছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৯ঘ.