ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যের হামলায় শনিবার নতুন করে মার্কিন সেনা নিহতের মধ্য দিয়ে দেশটিতে চলমান যুদ্ধাভিযানে যুক্তরাষ্ট্রের সেনা নিহতের সংখ্যা দুই হাজারে পৌঁছেছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্যের হামলায় নেটো বাহিনীর এক মার্কিন সেনা ও এক বেসামরিক ঠিকাদার নিহত হয়। ওই ঠিকাদারের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
আফগান আর মার্কিন সেনার মধ্যে ভুলবোঝাবুঝির কারণেই ওই হত্যার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে প্রাথমিক খবরে।
আফগান সেনা-পুলিশের কােেছ ক মার্কিন সেনাদের হামলার শিকার হওয়ার ঘটনা এ বছর অনেক বেড়েছে। এতে করে আফগান বাহিনীর সঙ্গে যৌ যুদ্ধাভিযান আংশিক কমিয়েছে নেটো।
গত বছর আফগান বাহিনীর দুর্বৃত্ত সদস্যদের হামলায় বিদেশি সেনা নিহতের সংখ্যা ছিল ৩৫। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫২ জনে। এর মধ্যে প্রায় অর্ধেকই মার্কিন সেনা।
শনিবার ওয়ারডাক প্রদেশে আফগান হামলায় আরেক মার্কিন সেনা নিহতের মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘদিনের যুদ্ধাভিযানে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজারে-- রোববার এ পরিসংখ্যান দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তরা ।
দু’হাজার মার্কিন সেনা ছাড়াও আফগান যুদ্ধে নিহত হয়েছে মার্কিন কোয়ালিশন বাহিনীর বাইরের ১ হাজার ৬৬ সেনা। ২০ হাজার বেসামরিক নাগরিক। আফগান নিরাপত্তা বাহিনীর ১০ হাজার সদস্য এবং কয়েকশ বেসরকারি ঠিকাদার।
সম্প্রতি প্রকাশিত মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনিস্টিটিউটের এক হিসাব অনুযায়ী, ৪০ দশমিক ২ শতাংশ মার্কিন নাগরিক নিহত হয়েছে বিভিন্ন ধরনের বিস্ফোরক হামলায়। ৩০ দশমিক ৩ শতাংশ নিহত হয়েছে বন্দুক হামলায়।
তবে যুদ্ধে নিহত আফগান নাগরিকদের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
তালেবানসহ অন্যান্য জঙ্গির মৃতের সংখ্যারও কোনো হিসাব পাওয়া যায়নি।
২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে নেটো বাহিনীর সব যোদ্ধাদের সরিয়ে নেয়ার কথা রয়েছে। তবে আফগান নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের কাজে বেশ কিছু বিদেশি সেনা সেখানে থেকে যাবে পরবর্তী কয়েক বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯০৬ঘ.
bdnews24