২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চি প্রেসিডেন্ট হলে ‘আপত্তি নেই’ থিয়েন সেইনের

মিয়ানমারের জনগণের ভোটে নির্বাচিত হলে অং সাং সু চিকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 04:08 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের জনগণের ভোটে নির্বাচিত হলে অং সাং সু চিকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট থিয়েন সেইন এ কথা বলেন। শনিবার বিবিসি অনলাইন ওই সাক্ষাৎকার নিয়ে একটি সংবাদ প্রকাশ করে। সেখানে থিয়েন সেইন বলেন, “২০১৫ সালের নির্বাচনে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানো হবে। জনগণ যে প্রার্থীকেই নির্বাচিত করুক না কেন, বর্তমান সরকার তা মেনে নেবে।” দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে থাকা মিয়ানমারের বর্তমান বেসামরিক সরকারের প্রধানদের অধিকাংশই সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা। ২০১১ সালের যে নির্বাচনে থিয়েন সেইন মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাতে সু চিকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের ধারা এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনরুল্লেখ করে সাবেক জেনারেল থিয়েন সেইন সাক্ষাৎকারে বলেন, এই সংস্কার কর্মসূচি সফল করতে তিনি ও সু চি একযোগে কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/০৯৫৫ ঘ.