ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ভাকলাব ক্লাউসকে এক ব্যক্তি খেলনা ‘পিস্তল’ দিয়ে গুলি করেছেন। তবে এতে তার কোনো ক্ষতি হয়নি।
শুক্রবার দেশের উত্তরাঞ্চলে একটি সেতুর উদ্বোধনের সময় ছদ্মবেশধারী ওই ব্যক্তি প্রেসিডেন্টের দিকে এগিয়ে গিয়ে কয়েক দফা গুলি করেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
এতে প্লাটিকের কয়েকটি গুলি ৭১ বছর বয়সী ক্লাউসের শরীরে লাগলেও তিনি আহত হননি। এ ঘটনার জন্য দেহরক্ষীদের ভর্ৎসনা করেন তিনি।
২৬ বছর বয়সী একজন যুবক ছদ্মবেশ ধরে প্রেসিডেন্টের ওপর ওই হামলা চালান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। চেক প্রজাতন্ত্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে ওই যুবক নিজেকে সমাজতন্ত্রপন্থী বলেও পরিচয় দেন।
উত্তরাঞ্চলীয় শহর চাস্তাভায় সেতু উদ্বোধনের অনুষ্ঠানে সমবেতদের সঙ্গে মিশে তিনি প্রেসিডেন্টের কাছাকাছি পৌঁছান।
‘এয়ারসফট’ খেলায় যে সব নকল ‘অস্ত্র’ ব্যবহার করা হয় সে ধরনের একটি দিয়েই প্রেসিডেন্টকে গুলি করা হয়।
হামলাকারী বলেন, দেশের সাধারণ মানুষের দাবি-দাওয়ার প্রতি সরকার কোনো গুরুত্ব না দেয়ায় এ ‘হামলা’ করেছেন তিনি।
ঘটনার পরপরই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
২০০৩ সাল থেকে চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ক্লাউস। এর আগে নব্বইয়ের দশকে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তার নেতৃত্বেই চেক প্রজাতন্ত্রের অর্থনৈতিক সংঙ্কার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এএইচ/১৭৫৬ ঘ.
bdnews24