যুক্তরাষ্ট্র, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা প্রায় সবাই যখন নিউইয়র্কে, সেই সময়ই বিরোধপূর্ণ দ্বীপমালার মালিকানা দাবি করে যুক্তরাষ্ট্রের শীর্ষ পত্রিকাগুলোতে বিজ্ঞাপন প্রকাশ করলো চীন।
শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে পূর্ণ পৃষ্ঠাজুড়ে এসব বিজ্ঞাপন ছাপা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা ইংরেজি পত্রিকা চায়না ডেইলি’র পক্ষ থেকে এই বিজ্ঞাপন দেওয়া হয়।
বিজ্ঞাপনটির শীর্ষ বাক্য ছিল “দিয়াওউ দ্বীপমালার মালিক চীন”। এর নিচেই পূর্ব চীন সাগরের ওই দ্বীপমালার একটি রঙিন ছবি দেওয়া। আর ছবির নিচে দ্বীপগুলোর ওপর চীনের ঐতিহাসিক কর্তৃত্ব দাবি করে বলা হয়েছে, “এই দ্বীপগুলো প্রাচীনকাল থেকে উত্তরাধিকারসূত্রে চীনের এলাকা।”
এই দ্বীপগুলোর মালিকানা নিয়ে সৃষ্ট বিতর্কে চীন-জাপানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। এই দ্বীপগুলোতে কোনো মানুষ বসবাস করে না, কিন্তু জাপানের অধীনে থাকা এই দ্বীপগুলো ও এর আশপাশের সাগরে প্রচুর প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা হয়।
ঐতিহাসিক কর্তৃত্বের বলে দ্বীপগুলোর মালিকানা দাবি করে আসছে চীন। আর নিজেদের চীনা সংস্কৃতি ও ইতিহাসের উত্তরাধিকার দাবি করে তাইওয়ানও এসব দ্বীপের মালিকানা দাবি করেছে।
দ্বীপগুলো চীনাদের কাছে দিয়াওউ, জাপানিদের কাছে সেনকাকু ও তাইওয়ানিদের কাছে টিয়াওউতাই নামে পরিচিত।
জাতিসংঘের চলমান অধিবেশনে দ্বীপগুলো নিয়ে মূলত দু’দেশের এই বিরোধ অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চীন-জাপান উভয়পক্ষকে উত্তেজিত না হয়ে পরিস্থিতি মোকাবেলায় মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়েছেন।
সেপ্টেম্বরের প্রথম দিকে ব্যক্তিমালিকানাধীন ওই দ্বীপগুলো জাপান সরকার কিনে নিলে বিক্ষুব্ধ চীন তীব্র প্রতিবাদ জানায়। চীনজুড়ে জাপান বিরোধী প্রবল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে সৃষ্ট উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।
নিউইয়র্কে জাপানি কনস্যুলেটের এক মুখপাত্র দ্বীপগুলোর ওপর জাপানি কর্তৃত্ব দাবি করলেও প্রকাশিত বিজ্ঞাপনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৬ ঘ.
bdnews24