২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির কৃতকর্মের জন্য ক্ষমা চাইল লিবিয়া

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির কৃত অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মাগারিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

জাতিসংঘ, নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির কৃত অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মাগারিফ। বৃহস্পতিবার জাতিসংঘের ৬৭তম সাধারণ পরিষদের ভাষণে তিনি বিশ্ববাসীর কাছে এ ক্ষমা চান। ভাষণে লিবিয়ার ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেসের নেতা মাগারিফ বলেন, লিবিয়ার জনগণ মধ্যপন্থী। আর তাই লিবিয়া কখনোই চরমপন্থী গোষ্ঠিগুলোর ঠিকানা হবে না। তিনি বলেন, “আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে, বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে, ওই স্বৈরাচারীর সব অনিষ্টের জন্য ক্ষমা চাই, অগণিত নিরপরাধের প্রতি তার অবিচারের জন্য, অন্যান্য রাষ্ট্রে তার চালানো সন্ত্রাসী তৎপরতা ও বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চাই,” বলেন মাগারিফ। গত বছর লিবিয়ায় গাদ্দাফি শাসনের বিরুদ্ধে শুরু হওয়া গণআন্দোলনকে সমর্থন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনে নেটো বাহিনী দেশটিতে যুদ্ধাভিযান শুরু করে। ওই অভিযানেই ক্ষমতাচ্যুত গাদ্দাফি পরে নিহত হন। গাদ্দাফি প্রায় ৪২ বছর ধরে একটনা অপ্রতিদ্বন্দ্বী একনায়ক হিসেবে লিবিয়া শাসন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮২৮ঘ.