ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনের শর্ত ভাঙার দায়ে ইসলাম ধর্মকে হেয় করে নির্মিত চলচ্চিত্রের সঙ্গে জড়িত নাকুলা ব্যাসিলা নাকুলার (৫৫) জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে লস এঞ্জেলসের একটি আদালত।
শুক্রবার এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।
‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের ওই চলচ্চিত্রের প্রতিবাদে মুসলিম বিশ্বে তীব্র সহিংস প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল।
ব্যাংক প্রতারণায় দায়ে দণ্ডিত নাকুলা ২০১১ সালে শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। বিতর্কিত ছবি নির্মাণের সঙ্গে জড়িত হয়ে তিনি মুক্তির শর্ত ভেঙেছেন কিনা তা নিয়ে তদন্ত করছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।
তদন্তের শুনানি কালে বিচারক বলেন, নাকুলা জামিনের শর্ত ভঙ্গ করেছেন ও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।
মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কঠোর আইন বিদ্যমানা থাকায় বিতর্কিত চলচ্চিত্র নির্মাণের জন্য তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তার এই আটকাদেশ জামিনের শর্ত ভাঙার জন্য।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী নাকুলা মিশরীয় কপটিক খ্রিস্টান। বিতর্কিত ছবি ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর ইন্টানেটে আপলোড করা ১৪ মিনিটের ট্রেলারটির প্রযোজক হিসেবে তাকে সন্দেহ করা হয়।
ব্যাংক প্রতারণার দায়ে ২০১০ সালে তার ২১ মাসের কারাদণ্ড হয়। পরবর্তীতে শর্তসাপেক্ষে তিনি কারাগার থেকে মুক্তি পান।
তার মুক্তির শর্তের মধ্যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কম্পিউটার ব্যবহার ও পাঁচ বছরের জন্য ইন্টারনেট ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১১ ঘ.
bdnews24