২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ লাখ সিরীয় শরণার্থীর আশঙ্কা জাতিসংঘের

এ বছরের শেষ নাগাদ সিরীয় শরণার্থীর সংখ্যা ৭ লাখে পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

জেনেভা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ বছরের শেষ নাগাদ সিরীয় শরণার্থীর সংখ্যা ৭ লাখে পৌঁছতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। শরণার্থীর এ সংখ্যা আগের আনুমানিক হিসাবের চেয়ে ৪ গুণ বেশি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সিরিয়ায় ১৮ মাসের চলমান সহিংসতা থেকে বাঁচতে প্রায় ২৯৪,০০০ শরণার্থী প্রতিবেশী ৪ টি দেশ জর্ডান, ইরাক, লেবানন এবং তুরস্কে আশ্রয় নিয়েছে কিংবা সেখানে তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায় আছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ‘ইউএনএইচসিআর’ এর আঞ্চলিক শরণার্থী বিষয়ক সমন্বয়ক পানোস মুমতিজ এক সংবাদ সম্মেলনে বলেন, “সিরিয়া থেকে পালাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। অগাস্টে ১ লাখ মানুষ সিরিয়া ছেড়েছে, সেপ্টেম্বরে পালিয়েছে ৬০ হাজার মানুষ। আর এ মুহূর্তে প্রতি দিনে-রাতে ২ হাজার থেকে ৩ হাজার মানুষ সিরিয়া ছাড়ছে।” তিনি বলেন, প্রায় ৫০০০ থেকে ৬০০০ সিরীয় শরণার্থী উত্তর আফ্রিকার বিভিন্ন স্থানে বিশেষত মিশরে পালিয়েছে। অন্য আরো শরণার্থী পালিয়ে গিয়ে আশ্রয় নিচ্ছে সাইপ্রাস এবং গ্রিসসহ দক্ষিণ ইউরোপের দেশগুলোতে। সিরীয় শরণার্থীর সংখ্যা আগের আনুমানিক হিসাব ১৮৫,০০০ ছাড়িয়ে গেছে অগাস্টেই। সিরিয়া থেকে পালানো এ বিপুল সংখ্যক মানুষের সহায়তায় ৪৮ কোটি মার্কিন ডলারের আবেদন জানিয়েছে জাতিসংঘ ত্রাণ সংস্থা ও মানবিক সংগঠনগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৮৩৬ঘ.