২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিনাকে নিয়ে গুজব রটানো হয়েছে’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের বিরুদ্ধে কুৎসা রটনা করতেই বিলাওয়াল ভুট্টোর সঙ্গে তার প্রণয়ের গুজব রটানো হয়েছে বলে মন্তব্য করেছেন হিনার স্বামী ফিরোজ গুলজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের বিরুদ্ধে কুৎসা রটনা করতেই বিলাওয়াল ভুট্টোর সঙ্গে তার প্রণয়ের গুজব রটানো হয়েছে বলে মন্তব্য করেছেন হিনার স্বামী ফিরোজ গুলজার। পাঞ্জাব প্রদেশের শিল্পপতি গুলজার দেশটির ‘জিও নিউজ চ্যানেল’কে বৃহস্পতিবার বলেন, তার স্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য এ প্রচারণা ‘জঘন্য’ এবং অবিবেচনাপ্রসূত। তিনি আরো বলেন, এ ধরনের ‘চটুল কাহিনী ভিত্তিহীন’ এবং ‘সামাজিক গণমাধ্যমের এ গুজব’ সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে চান না। এনডিটিভি’র খবরে বলা হয়েছে, কোন প্রমাণ ছাড়াই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টোর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হিনার প্রণয় রয়েছে বলে বাংলাদেশি একটি ট্যাবলয়েড পত্রিকা দাবি করেছে। বিষয়টি নিয়ে গুলজার পত্রিকায় তার স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরির খবর প্রকাশ হওয়ার কথা শুনতে পান তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে। তারা গুলজারকে জানান, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই প্রতিবেদনগুলো ‘পাঠযোগ্য নয়’। গুলজার বলেন, লোকজন এসব গুজবের পেছনে ছুটছে এটা দুর্ভাগ্যজনক। এ ইস্যুতে তার দুই মেয়েকে জড়ানো হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে এ সমস্ত গুজব রটনার জন্য দায়ীদের চিহ্নিত করার কোনো ব্যবস্থাও পাকিস্তানে নেই বলে গুলজার অভিযোগ করেন। ওদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত হিনা রব্বানি খার বলেছেন, তিনিও এ বিষয়ে কোন মন্তব্য করতে চান না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৩ঘ.