জাতিসংঘ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যু দেশটিতে নিহত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস এর মতোই মর্মান্তিক। বুধবার জাতিসংঘে একথা বলেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে মুগাবে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও নেটোর কর্মকাণ্ডের সমালোচনা করেন।
একইসঙ্গে গাদ্দাফির মৃত্যু স্টিভেনস এর মৃত্যুর মতোই মর্মান্তিক এবং তা আফ্রিকার জন্য এক বিশাল ক্ষতি বলে বর্ণনা করেন তিনি।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননা করে যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রের প্রতিবাদে মুসলিম বিশ্বে বিক্ষোভের মধ্যে ১১ সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলায় রাষ্ট্রদূত স্টিভেনসসহ ৪ জন নিহত হয়। যুক্তরাষ্ট্র এ ঘটনাকে ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছে।
গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে উগ্রবাদের বিরুদ্ধে বিশ্বের সব নেতাকে এক হওয়ার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসলামবিরোধী চলচ্চিত্রের সমালোচনা করে তিনি এর জেরে বিশ্বব্যাপী সহিংসতারও নিন্দা জানান।
লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূতসহ ৪ জনকে হত্যার ঘটনা উল্লেখ করে ওবামা একে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।
ওবামার এ ভাষণের প্রশংসা করে মুগাবে বলেন, “হ্যাঁ। আমরা সবাই এ ব্যাপারে একমত। এটি নিঃসন্দেহে জঘন্য হত্যাকাণ্ড। আমরা এর নিন্দা জানাই। কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে এ হত্যাকাণ্ডের নিন্দা জানাতে আগ্রহী হলে যুক্তরাষ্ট্রও কি গাদ্দাফির হত্যাকাণ্ডের নিন্দা জানাতে আমাদের সঙ্গে যোগ দেবে? তার মৃত্যু আফ্রিকার জন্য চরম ক্ষতি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৬৫০ঘ.
bdnews24