২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় একদিনে নিহত ৩ শতাধিক

সিরিয়ায় বুধবারের সহিংসতায় ৩শ’রও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটিতে ১৮ মাসের চলমান আন্দোলনে এটি ভয়াবহ রক্তক্ষয়ের আরেকটি দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

বৈরুত, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় বুধবারের সহিংসতায় ৩শ’রও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটিতে ১৮ মাসের চলমান আন্দোলনে এটি ভয়াবহ রক্তক্ষয়ের আরেকটি দিন। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, দামেস্কজুড়ে পল্লী এলাকাগুলোতে নিহত হয়েছে ৫৫ জন। এর মধ্যে রাজধানীর দক্ষিণ-পূর্বের আল-ধিয়াবিয়া শহরে ৪০ জনকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। অন্যান্য সরকারবিরোধী আন্দোলনকর্মীরা আল-ধিয়াবিয়ায় নিহতের সংখ্যা ১০৭ উল্লেখ করেছে। এ গণহত্যাকাণ্ডের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে তারা। আন্দোলকর্মীদের পোস্ট করা ভিডিওতে কম্বলে মোড়ানো সারি সারি রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। দামেস্কের কেন্দ্রস্থলে সামরিক সদরদপ্তরে বুধবার বিদ্রোহীদের বোমা হামলায় ১৪ জন নিহত হওয়ার কথাও জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ায় বিদ্রোহীদের লড়াই সুসংগঠিত হতে থাকা এবং আসাদ বাহিনী আরো বেশি সামরিক শক্তি নিয়ে তা প্রতিহত করার চেষ্টা নেয়ায় সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের হিসাবমতে, সিরিয়ায় আন্দোলনের প্রথম নয় মাসে নিহত হয়েছে প্রায় ৫ হাজার মানুষ। কিন্তু পরবর্তী ধাপে ৯ মাসে এর ৫ গুণ বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তাদের হিসাবমতে, ২০১১ সালের মার্চ থেকে এ পর্যন্ত নিহত হয়েছে ৩০ হাজার মানুষ। জাতিসংঘ অধিবেশনে সমবেত বিশ্ব নেতারা সিরিয়ায় চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু এ ব্যাপারে করণীয় নিয়ে অচলবস্থা এখনো কাটিয়ে উঠতে পারেন নি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৬০৭ঘ.