২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ‘দ্বীপবন্দী’

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ‘দ্বীপবন্দী’ করেছে আদালত। এর ফলে রাজধানী মালে ছাড়তে আদালতের অনুমতি নিতে হবে নাশিদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

মালে, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ‘দ্বীপবন্দী’ করেছে আদালত। এর ফলে রাজধানী মালে ছাড়তে আদালতের অনুমতি নিতে হবে নাশিদকে। বুধবার আদালত নাশিদের বন্দিত্বের এ আদেশ দিয়েছে। এতে করে তার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পারতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। গত ফেব্র“য়ারিতে মালদ্বীপের প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন নাশিদ। তিনি অভিযোগ করেছেন, বিরোধীদলের বিক্ষোভ ও পুলিশ বাহিনীর বিদ্রোহের সময় বন্দুকের মুখে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। কিন্তু চলতি মাসের প্রথম দিকে দেশটির বিচার বিভাগীয় একটি জাতীয় কমিশন ঘোষণা করে, নাশিদের ক্ষমতা ছাড়ার বিষয়টি কোনো অভ্যূত্থান ছিল না। কমিশনের এই সিদ্ধান্তের পর বিক্ষুব্ধ নাশিদ সমর্থকরা মালেতে বিক্ষোভ শুরু করে। ক্ষমতায় থাকার শেষ দিনগুলোতে অপরাধ আদালতের এক বিচারককে অপহরণের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন নাশিদ। আদালতের আদেশের প্রতিক্রিয়ায় নাশিদ বলেছেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার থেকে তাকে বিরত রাখতেই এই ‘অন্যায়’ আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “তার আইনজীবীরা আদালতের এ আদেশকে নজিরবিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন। ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনটি আবাধ ও নিরপেক্ষ হবে না ভেবে আমরা শঙ্কিত বোধ করছি।” মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদের মুখপাত্র মাসুদ ইমাদ জানিয়েছেন, আদালতের আদেশটি একটি আইনি প্রক্রিয়া। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। মোহাম্মদ নাশিদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ৩০ বছর ধরে মালদ্বীপ শাসনকারী একনায়ক মামুন আব্দুল গাইয়ুমকে নির্বাচনে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রতলের উচ্চতা বেড়ে ডুবে যাওয়ার হুমকির মুখে আছে ভারত মহাসাগরের দ্বীপদেশ মালদ্বীপ। আর তাই বিশ্ব উষ্ণায়নের প্রতিবাদ জানিয়ে সাগরের নিচে মন্ত্রিসভার বৈঠক করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন নাশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫২ঘ.