২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কে নিরাপত্তা বাহিনীর ভবনে বোমা হামলা

সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত একটি স্কুল ভবনে বোমা হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 05:46 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

বৈরুত, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত একটি স্কুল ভবনে বোমা হামলা চালিয়েছে। হতাহতের বিষয়ে বিদ্রোহীদের পক্ষ থেকে কিছু জানানো না হলেও সরকারী গণমাধ্যম ৭ জন আহত হওয়ার সংবাদ জানিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় হামলাটি চালানো হয় বলে জানিয়েছে এক বিদ্রোহী নেতা। “ঠিক সকাল ৯টা ৩৫ মিনিটে ঘরে তৈরি সাতটি বোমার সাহায্যে দুটি বিস্ফোরণ ঘটানো হয়। স্কুলটিতে সরকার সমর্থক বেসামরিক বাহিনী ‘সাব্বিহা’ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সাপ্তাহিক পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হতো,” বলেন বিদ্রোহীদের একটি গোষ্ঠী আনসার আল ইসলামের নেতা আবু মোয়াজ। হতাহতের বিষয়ে স্পষ্ট কিছু না জানিয়ে বিদ্রোহীরা বলেছে, হামলায় নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার আশা করছেন তারা। জুলাই মাসে দামেস্কের নিরাপত্তা বাহিনীর দপ্তরে এ ধরনের অপর একটি হামলায় সিরিয়া সরকারের শীর্ষস্থানীয় চারজন কর্মকর্তা নিহত হয়েছিলেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে স্কুল ভবনে হামলায় সাতজন আহত হওয়ার সংবাদ জানানো হয়েছে। হামলায় ভবনটির সামান্য ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের একদলীয় শাসনের বিরুদ্ধে গত ১৮ মাস ধরে দেশজুড়ে আন্দোলন-বিদ্রোহ চলছে। প্রথমে সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও সরকারী দমনপীড়নের মুখে আন্দোলন বিদ্রোহে রূপ নেয়। সরকারী দমনপীড়ন প্রতিরোধে শুরু হওয়া বিদ্রোহ এখন পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের রূপ নিয়ে তীব্র লড়াইয়ে পরিণত হয়েছে। আন্দোলনকারীরা দাবী করেছে, গত ১৮ মাসের আন্দোলন-বিদ্রোহে এ পর্যন্ত অন্তত ২৭ হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে সরকার পক্ষের লোকজন যেমন আছে, তেমনি বিদ্রোহী পক্ষের লোকজনও আছে। তবে নিহতদের মধ্যে বেসামরিক মানুষের সংখ্যাই বেশি। সিরিয়ার গৃহযুদ্ধের পক্ষ-বিপক্ষে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো বিভক্ত হয়ে পড়ায় এত মানুষের মৃত্যুর পরও জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারছে না। একদিকে বিদ্রোহীদের পক্ষ নিয়েছে আন্তর্জাতিকভাবে আসাদবিরোধী যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদেশগুলো, তুরস্ক ও উপসাগরীয় আরবদেশগুলো। অন্যদিকে আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে দীর্ঘদিনের মিত্র ইরান, রাশিয়া ও সা¤প্রতিক মিত্র চীন। ৪২ বছর ধরে সিরিয়া শাসন করা আসাদ পরিবার শিয়া স¤প্রদায়ভুক্ত আলাউতি গোষ্ঠীর লোক হওয়ায় উপসাগরী সুন্নিপ্রধান দেশগুলো তার বিরোধিতা করছে। অপর দিকে মধ্যপ্রাচ্যের শিয়া প্রধান দেশ ইরান তাকে সমর্থন দিচ্ছে। আসাদ সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদেশগুলো তিনটি প্রস্তাব আনলেও রাশিয়া ও চীনের ভেটো প্রয়োগে তা স্থগিত হয়ে আছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে এ বিষয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকায় বিশ্ব সংস্থা জাতিসংঘ সিরিয়ার সংঘাতের কোনো রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে তো পারছেই না, এমনকি সাধারণ মানুষের জানমাল রক্ষায়ও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। ফলে পুরো বিশ্বের চোখের সামনে দিয়েই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এই দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৪৩ ঘ.