২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলবায়ু পরিবর্তনে ২০৩০ সালের মধ্যে মারা যাবে ১০ কোটি মানুষ’

জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় সামলানো না গেলে এর জেরে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১০ কোটি মানুষ মৃত্যু বরণ করবে। পাশাপাশি বিশ্বব্যাপী উৎপাদন হ্রাস পেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন দশমিক দুই শতাংশ কমবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 07:50 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

লন্ডন, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় সামলানো না গেলে এর জেরে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১০ কোটি মানুষ মৃত্যু বরণ করবে। পাশাপাশি বিশ্বব্যাপী উৎপাদন হ্রাস পেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন দশমিক দুই শতাংশ কমবে। বুধবার বিশ্বের ২০টি দেশের সরকার অনুমোদিত এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে। মানবাধিকার সংস্থা ডিএআরএ পরিচালিত ওই গবেষণা প্রতিবেদনে জানানো হয়, গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের কারণে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে ফলে পর্বতশীর্ষের বরফটুপিগুলো গলে যাচ্ছে। এতে আবহাওয়া চরম রূপ ধারণ করছে, খরা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্র তলের উচ্চতা বেড়ে যাচ্ছে। আর এসব কারণে মানুষ ও মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। প্রতিবেদনটির হিসেব অনুযায়ী, জলবায়ু দূষণ, অনাহার, কার্বননির্ভর অর্থনীতি ও জলাবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট রোগে প্রতিবছর পঞ্চাশ লাখ মানুষ মারা যাবে। জীবাশ্ম জ্বালানী ব্যবহারের বর্তমান ধরন অব্যাহত থাকলে উল্লে¬খিত কারণগুলোতে মানব মৃত্যুর হার ২০৩০ সাল নাগাদ বছর প্রতি ষাট লাখে পৌঁছে যাবে। এসব মৃত্যুর বেশিরভাগ উন্নয়নশীল দেশগুলোতেই ঘটবে বলে প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনটিতে ২০১০ থেকে ২০৩০ সাল পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশে মানুষের জীবন ও অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসাব করা হয়েছে। জলবায়ুর ঝুঁকিতে থাকা বিশ্বের ২০টি উন্নয়নশীল দেশের পাস্পরিক সহযোগিতা সম্পর্কিত একটি ফোরাম ডিএআরএ’র এই প্রতিবেদনটি অনুমোদন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৮ ঘ.