ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে ভারী মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
জানা গেছে, বৃষ্টি ও বন্যার কারণে প্রায় ১ লাখ ২০ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুতদের মাঝে লাখ খানেক তাঁবু বিতরণ করা হয়েছে।
বেলুচিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশটির ৮০ ভাগ মানুষ বন্যাকবলিত হয়েছে।
তবে বিবিসির প্রতিবেদকেরা জানিয়েছেন, দুই বছর আগে দেশটির বৃহৎ অংশজুড়ে যে ভয়াবহ বন্যা হয়েছিল, এবারের বন্যা সেই মাত্রার নয়।
বেলুচিস্তানের সরকার গ্যাস্ট্রিক, ম্যালেরিয়াসহ অন্যান্য রোগের চিকিৎসার জন্য অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছে।
বেলুচিস্তান পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ হলেও এর ভৌত অবকাঠামো ও সেনাদান ব্যবস্থা খুবই নাজুক।
করাচির বিবিসি প্রতিনিধি সৈয়দ শোয়াইব হাসান জানিয়েছেন, জঙ্গি কর্মকাণ্ড, অপহরণ ইত্যাদি কারণে উপদ্রুত অঞ্চলগুলোতে বিদেশি সংস্থাগুলোর ত্রাণ কর্মকাণ্ড চালানো প্রায় অসম্ভব।
জানা গেছে, বেলুচিস্তানে খাদ্য সরবরাহ খুবই অপ্রতুল। আর এ কারণে প্রদেশটির অনেক মানুষ এক বেলা খেয়ে কোনো রকমে প্রাণ ধারণ করে আছে।
দেশটির সেনা বাহিনী প্রদেশটিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর ঘোষণা দিয়েছে। তবে আফগান সীমান্তবর্তী এই অঞ্চল থেকে তালেবানের মূলোৎপাটন করার জন্যও তারা লড়াই চালাচ্ছে।
অন্যদিকে, সিন্ধু প্রদেশে এখনো অনেক মানুষ খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে। একটু শুকনো স্থানের সন্ধান করছে তারা।
সিন্ধুর কর্মকর্তারা জানিয়েছেন, বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্য, তাঁবু ও চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.
bdnews24