ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে নিহত তালেবান যোদ্ধাদের মৃতদেহে মুত্রত্যাগের জন্য দুই মার্কিন নৌসেনার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
গত জানুয়ারিতে সেনাদের ওই অপকর্মের ভিডিও ইন্টারনেটে প্রকাশ পেলে আফগানিস্তানজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়।
তদন্তে দেখা গেছে, ঘটনাটি ঘটেছে আরো আগে ২০১১ সালের ২৭ জুলাইয়ের দিকে হেলমান্দ প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে।
ওই ঘটনায় এই প্রথম কোনো সেনা অপরাধের অভিযোগে অভিযুক্ত হল।
ওই অমানবিক কর্মকাণ্ডে জড়িত স্টাফ সার্জেন্ট জোসেফ ডব্লিউ চ্যাম্বলিন এবং এডওয়ার্ড ডব্লিউ ডেপতোলার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন মেরিন কোর।
অধস্তন সেনাদের ওই অসদাচরণে বাধা না দেয়া এবং বিষয়টি না জানানোর জন্যও এ দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৮১৮ঘ.
bdnews24