২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের নৌবাহিনীতে বিমানবাহী রণতরী

চীন মঙ্গলবার নৌবাহিনীতে প্রথম বিমানবাহী রণতরী নামিয়েছে। জাপানের সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে চরম উত্তেজনার মধ্যে সামরিক শক্তি দেখাতেই চীন এ রণতরী হাজির করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

বেইজিং, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন মঙ্গলবার নৌবাহিনীতে প্রথম বিমানবাহী রণতরী নামিয়েছে। জাপানের সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে চরম উত্তেজনার মধ্যে সামরিক শক্তি দেখাতেই চীন এ রণতরী হাজির করেছে। নতুনভাবে ব্যহারউপযোগী করে গড়ে তোলা সোভিয়েত আমলের এই রণতরীটি ইউক্রেন থেকে কেনা। চীনা প্রদেশের নামে এর নতুন নাম রাখা হয়েছে লিয়াওনিং। এ তরী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ কার্যকরভাবে রক্ষায় বেইজিংকে সহায়তা করবে এবং নৌবাহিনীর হাতকে শক্তিশালী করবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বিশ্লেষকরা বলছেন, কাজে লাগানোর মতো কোনো বিমান না থাকায় আপাতত কেবল প্রশিক্ষণের কাজেই এ রণতরী ব্যবহার করা হবে। কিন্তু চীনের ভাষ্য, রণতরীটি নিয়ে সমুদ্রে নিবিড় পরীক্ষা চালানো হয়েছে। ফলে এ তরী রাষ্ট্রের স্বার্থ রক্ষায় চীনের সক্ষমতা বাড়াবে বৈকি। জাপানসহ চীনের অন্যান্য প্রতিবেশী দেশগুলো বেইজিং এর নৌবাহিনীর শক্তিবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। এরই মধ্যে চীন নৌবাহিনীতে নতুন এ রণতরী সংযোজন করল। প্রতিবেশী দেশগুলোর উৎকণ্ঠা এতে আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দালিয়ান বন্দরে শীর্ষ চীনা নেতাদের উপস্থিতিতে মঙ্গলবার নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে তরী লিয়াওনিং’কে। চীনের জলসীমায় নিজেদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় রাখায় এটি সহায়ক হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়। সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর জন্য ১৯৮০’র দশকে নির্মিত হয় এ রণতরীটি। সে সময় এর নাম ছিল ভারিয়াগ। কিন্তু এর নির্মাণকাজ তখনো পুরোপুরি শেষ হয়নি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইউক্রেনের ডকইয়ার্ডে রয়ে যায় তরীটি। পরে চীনের ‘পিপলস লিবারেশন আর্মি’র সঙ্গে জড়িত একটি চীনা কোম্পানি রণতরীটি কিনে নেয়। এটিকে আবার নতুন করে তৈরির জন্য ২০০১ সালে এ তরী চীনে নেয়া হয়। ২০১১ সালে চীনের সামরিক বাহিনী এটিকে দেশের প্রথম বিমানবাহী রণতরী হিসাবে ব্যবহারউপযোগী করে গড়ে তোলার কথা জানায়। লিয়াওনিং এর ব্যবহার পুরোপুরি শুরু করতে চীনের এখনো অনেক বছর লাগবে; বিশ্লেষকরা একথা বললেও বেইজিং বলছে, এ তরী নতুন করে গড়ে তোলার মধ্য দিয়ে আধুনিকায়নের পথে এগিয়েছে সামরিক বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৫৫০ঘ.