২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত জলসীমায় এবার তাইওয়ানের জাহাজ

জাপানের দাবি করা জলসীমায় চীনা জাহাজের পর এবার তাইওয়ানের জাহাজও হাজির হয়েছে। মঙ্গলবার তাইওয়ানের প্রায় ৪০টি মাছ ধরার জাহাজ ও ৮টি উপকূলরক্ষী জাহাজ বিতর্কিত ওই জলসীমায় প্রবেশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

টোকিও, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের দাবি করা জলসীমায় চীনা জাহাজের পর এবার তাইওয়ানের জাহাজও হাজির হয়েছে। মঙ্গলবার তাইওয়ানের প্রায় ৪০টি মাছ ধরার জাহাজ ও ৮টি উপকূলরক্ষী জাহাজ বিতর্কিত ওই জলসীমায় প্রবেশ করে। জাপানি উপকূলরক্ষী বাহিনী এ খবর জানিয়েছে। চীনাদের কাছে ‘দিয়াওই’ ও জাপানিদের কাছে ‘সেনকাক’ু নামে পরিচিত পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে বিরোধ চলছে। বর্তমানে জাপানের দখলে থাকা দ্বীপগুলোর মালিকানা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন। চলতি মাসের প্রথম দিকে ব্যক্তিমালিকানাধীন ওই দ্বীপগুলো কিনে নেওয়ার সিদ্ধান্ত জানায় জাপান সরকার। এর তীব্র প্রতিবাদ করে চীন। এ নিয়ে বিরোধের জের ধরে চীনে জাপান বিরোধী তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার বিরোধপূর্ণ ওই দ্বীপের জলসীমায় তিনটি টহল জাহাজ পাঠায় চীন। ‘নিজেদের জলসীমায়’ চীনা জাহাজের উপস্থিতির প্রতিবাদ জানায় জাপান। জাপানের প্রতিবাদ সত্ত্বেও জলসীমা ছেড়ে যায়নি চীনা জাহাজ। এ অবস্থায় সোমাবার বিতর্কিত ওই জলসীমার ওপর নিজেদের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে জাহাজ পাঠানোর ঘোষণা দেয় তাইওয়ান। ঘোষণা অনুযায়ী তাইওয়ানি জাহাজ উপস্থিত হওয়ায় মালিকানা নিয়ে বিরোধ এখন ত্রিমুখি রূপ নিয়েছে। জনবসতিহীন ওই দ্বীপমালার জলসীমায় প্রচুর তেলগ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া দ্বীপমালাটির নিকটবর্তী জলভাগ একটি উর্বর মৎসক্ষেত্র। এদিকে, চীনা কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, জাপানের সঙ্গে বিরোধপূর্ণ ওই পার্বত্য দ্বীপমালার কাছে বর্তমানে ২শ’ চীনা জাহাজ মাছ ধরছে। তবে মাছ ধরা জাহাজগুলো দ্বীপমালার কোন এলাকায় বা সবগুলো জাহাজ একসঙ্গে অবস্থান করছে কিনা সংক্ষিপ্ত ওই বিবৃতিতে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া চীন তাইওয়ানকে নিজের প্রদেশ হিসেবে গণ্য করায় জাহাজের ওই হিসেবে তাইওয়ানি জাহাজগুলোও ধরা হয়েছে কিনা তাও জানা যায়নি। ঐতিহাসিক কারণে জাপানের সঙ্গে তাইওয়ানের সখ্যতা থাকলেও বিরোধপূর্ণ ওই এলাকার মৎসক্ষেত্রের অধিকার নিয়ে দু’দেশের মধ্যে বিরোধ আছে। চীনের ঐতিহাসিক উত্তরাধিকার সূত্রে দ্বীপমালাটির ওপর চীন ও তাইওয়ান উভয়দেশই নিজেদের সার্বভৌমত্ব দাবি করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪২ ঘ.