গুয়াহাটি, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরামহীন বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে উত্তরপূর্ব ভারতে গত এক সপ্তাহে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলমান বন্যায় ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সোমবার ভারতীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
পার্বত্য রাজ্য সিকিমে ভূমিধসে অন্তত ২১ জন নিহত ও অপর ৮ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকারের মুখপাত্র এএস তোবগে।
চলতি বছরের জুলাইয়ে ভয়াবহ বন্যার কবলে পড়া আসামে বন্যার প্রকোপ কমে আসলেও ভূমিধসে ৮ জন নিহত ও ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আসামের দুর্যোগ ব্যবস্থাপনা র্র্কতৃপক্ষের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বন্যায় শুধু আসামেই ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে, এদের অনেকেই এখন শরণার্থী শিবিরে বা সড়কের পাশে অবস্থান নিয়ে আছে।
এছাড়া অরুণাচল প্রদেশে কাদার স্রোতের নিচে চাপা পড়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সেনাবাহিনী ও কেন্দ্রীয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দুর্গতদের উদ্ধারে রাবারের নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করেছে। গৃহহীন মানুষের জন্য প্রায় ১শ’টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
শুধু জুলাইতেই আসামে বন্যা ও ভূমিধসে ১১০ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে ৪ লাখেও বেশি মানুষ।
বন্যায় একশিঙ্গি গণ্ডারের আবাসস্থল বলে পরিচিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ডুবে গেছে। বিশ্বের দুইতৃতীয়াংশ একশিঙ্গি গণ্ডার এই উদ্যানে বাস করে।
বন্যার কারণে অনেক প্রাণী উদ্যান ছেড়ে আশপাশের পাহাড়ি জঙ্গলে আশ্রয় নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৯ ঘ.
bdnews24