আলমাতি, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সবচেয়ে বেশি সময় ধরে কাজাখস্থানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী কারিম মাসিমভ পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
৪৭ বছর বয়সী মাসিমভ দীর্ঘ প্রায় ছয় বছর ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
২০০৭ সালের জানুয়ারিতে মাসিমভকে কাজাখস্থানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশটির প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের অত্যন্ত অনুগত মাসিমভ বেশ কয়েকটি ভাষায় পারদর্শী ছিলেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়েও তিনি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছিলেন।
প্রেসিডেন্ট নাজারবায়েভ তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রেসিডেন্টশিয়াল ওয়েবসাইটে একটি ডিক্রি প্রকাশ করেছেন।
চলতি বছরের জানুয়ারিতেই মাসিমভ পুনর্বার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। আর এরপরই তিনি সামষ্টিক অর্থনীতিকে প্রাধান্য দেন।
ওই সময় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসিমভ বলেছিলেন, কাজাখস্থানের আরো রাজনৈতিক সংস্কার প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৭ ঘ.
bdnews24