২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত জলসীমায় চীনা জাহাজ, জাপানের প্রতিবাদ

পূর্ব চীন সাগরে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপমালার জলসীমায় তিনটি চীনা জাহাজ প্রবেশ করায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে জাপান। ওই এলাকাকে নিজেদের জলসীমার অন্তর্ভুক্ত বলে মনে করে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

টোকিও, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব চীন সাগরে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপমালার জলসীমায় তিনটি চীনা জাহাজ প্রবেশ করায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে জাপান। ওই এলাকাকে নিজেদের জলসীমার অন্তর্ভুক্ত বলে মনে করে জাপান। সোমবার তিনটি চীনা জাহাজ বিরোধপূর্ণ ওই দ্বীপমালার জলসীমায় প্রবেশ করে। দ্বীপগুলো চীনাদের কাছে ‘দিয়াওউ’ ও জাপানিদের কাছে ‘সেনকাকু’ নামে পরিচিত। জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরু করার ৪০ বছর পূর্তি অনুষ্ঠান পেছানোর একদিন পরেই চীনা জাহাজগুলো বিরোধপূর্ণ জলসীমায় হাজির হলো। এদিকে, চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দলের সোমবার টোকিও যাওয়ার কথা থাকলেও সফরটি বাতিল করা হয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক খবরে বিরোধপূর্ণ দ্বীপের জলসীমায় দুইটি বেসামরিক নজরদারী জাহাজ পাঠানোর কথা জানানো হয়েছিল। কিন্তু জাপানি উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ওই দুটি জাহাজের সঙ্গে অপর একটি চীনা মৎসক্ষেত্র নজরদারী জাহাজও শনাক্ত করেছে তারা। এক জাপানি কর্মকর্তা জানান, উপকূলরক্ষী বাহিনী চীনা জাহাজগুলোকে তাদের জলসীমা ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেও তা গ্রাহ্য করেনি ওই জাহাজের কর্মকর্তারা। ‘নিজেদের জলসীমায়’ চীনা জাহাজের উপস্থিতির বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছে জাপান। এদিকে, একদল তাইওয়ানি মৎসশিকারী জানিয়েছে, বিরোধপূর্ণ দ্বীপের নিকটবর্তী মৎসক্ষেত্রের ওপর নিজেদের দাবি প্রতিষ্ঠিত করার জন্য তারা সোমবার বিকেলে ওই দ্বীপের জলসীমায় উপস্থিত হওয়ার পরিকল্পনা করেছে। চলতি মাসের প্রথমদিকে জাপান ব্যক্তিমালিকানাধীন এই দ্বীপগুলো কেনার সিদ্ধান্ত জানানোর পর থেকেই একে কেন্দ্র করে দু’দেশের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে। জাপানবিরোধী তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১০ ঘ.