২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আবারো কার্যক্রম শুরু করেছে টয়োটা

জাপানের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটা আবারো চীনে তাদের সব ধরনের কার্যক্রম শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 04:36 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটা আবারো চীনে তাদের সব ধরনের কার্যক্রম শুরু করেছে। পূর্ব চীন সাগরে বিতর্কিত দ্বীপ নিয়ে দেশ দু’টির মধ্যে ব্যাপক টানাপোড়েনের জের ধরে বিক্ষোভ ও শোরুমে হামলার পরিপ্রেক্ষিতে চীনে টয়োটা তার কার্যক্রম স্থগিত করেছিল বলে বিবিসি জানায়। ওই ক্ষুদ্র দ্বীপগুলো জাপান ব্যক্তিগত মালিকানা থেকে কিনে নিচ্ছে বলে জানা গেছে। উভয়দেশই দ্বীপগুলোর মালিকানা দাবি করছে। ধারণা করা হচ্ছে ওই দ্বীপগুলোর ভূগর্ভে ব্যাপক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ রয়েছে। চীনে জাপানবিরোধী বিক্ষোভ কমে যাওয়ায় জাপানের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। দ্বীপ কেনার ঘটনাকে কেন্দ্র করে চীনের বিভিন্ন শহরে জাপানের বিরুদ্ধে বিক্ষোভ করে হাজার হাজার চীনা নাগরিক। দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর নগরী কিংদাওয়ে জাপানের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা, নিশান ও হোন্ডার কারখানাগুলো হামলার শিকার হয়। এর পরিপ্রেক্ষিতে সবগুলো প্রতিষ্ঠান তাদের কার্যক্রম স্থগিত করে দেয়। জানা গেছে, শুক্রবার থেকে হোন্ডা সীমিত পরিসরে তাদের উৎপাদন শুরু করেছে। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ছাড়াও বিক্ষোভের কারণে জাপানের অন্যান্য ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান সনি, শপিং চেইন অ্যাওন এবং ইউনিকলো অ্যাপারেলের কার্যক্রমও ব্যাহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৩ ঘ.