দুবাই, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এ ব্যাপারে নিশ্চিত হতে পারলে দেশটিতে আগেভাগেই হামলা চালাবে তেহরান। রোববার ইরানের এক জ্যেষ্ঠ কমান্ডার এ হুমকি দিয়েছেন।
আরবি ভাষার রাষ্ট্রীয় আল-আলম টেলিভিশনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এর ব্রগেডিয়ার জেনারেল আমির আলি হাজিযাদেহ বলেন, “ইরান কোন যুদ্ধ শুরু করবে না। কিন্তু ইরান যদি বুঝতে পারে এর শত্র“রা হামলা চালানোর প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে তাহলে তারা আগবাড়িয়ে হামলা শুরু করতে পারে।”
তিনি আরো বলেন, ইরানের মাটিতে কোন হামলা হলে “তৃতীয় বিশ্বযুদ্ধের” সূচনা হতে পারে।
হাজিযাদেহ আরো বলেন, “যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) যুদ্ধ শুরু করবে তা আমরা কল্পনাও করতে পারি না। আর তাই যুদ্ধের ক্ষেত্রে আমরা উভয়ের বিরুদ্ধেই লড়ব এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো নিশ্চিভাবেই হামলার লক্ষ্য হয়ে উঠবে।”
“তখন এমন সব নজিরবিহীন আর বেপরোয়া ঘটনা ঘটবে যে পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নেবে,” বলেন তিনি।
ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ করতে দেশটিতে হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র কূটনৈতিক পন্থায় সঙ্কট সমাধানের পক্ষে থাকায় ওবামা প্রশাসনের সমালোচনা করে ইরানে হামলা চালানোর ইঙ্গিত বরাবরই দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
পশ্চিমা বিশ্বসহ ইসরায়েলের ধারণা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরি করছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের এ কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৯ঘ.
bdnews24