ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মহাত্মা গান্ধী ও জওরলাল নেহেরুকে অনুপ্রেরণার ‘অন্যতম’ উৎস বলে মন্তব্য করেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শনিবার ভাষণ দেয়ার সময় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জীবনী পড়তেও অনুপ্রাণিত করেন তিনি।
ভাষণে সু চি বলেন, গান্ধী, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্বদানকারী মার্টিন লুথার কিং এবং তার বাবা ও ‘রাজনৈতিক পথপ্রদর্শক’ অং সান সবাই একটা নীতি নিয়ে চলতেন।
মিয়ানমারের জান্তা সরকার যখন সু চি কে গৃহবন্দী করে রাখে তখন তিনি নিজেকে নিয়মানুবর্তিতার পথে এগিয়ে নিতে তাদের কর্মজীবন সম্পর্কে পড়াশোনা করেছেন।
ভাষণে সু চি একথা বলেছেন বলে এক খবরে জানিয়েছে পিটিআই।
তিনি বলেন, “গান্ধী সত্যিই এক বিস্ময়।... তোমরা একটি কথা মনে রাখবে অহিংস পথে পরিবর্তনের ধারণা গান্ধীই প্রথম দিয়েছেন।”
আর জওহরলাল নেহেরু ছিলেন সু চির বাবা অং সানের বন্ধু। নেহেরু যখন ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, ঠিক একই সময়ে মিয়ানমারও স্বাধীনতার জন্য আন্দোলন করছিল।
এছাড়া, ভারতে পড়াশোনা করা সু চি’র সঙ্গে নেহেরুর সুসম্পর্ক ছিল। তারা দুজনই একই আদর্শগত দিক নিয়ে আলোচনা ও মত বিনিময় করতেন।
আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে স্বচ্ছ ধারণার জন্য ১৯৯২ সালে সু চিকে নেহেরু পুরস্কারে ভূষিত করে ভারত সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৭ঘ.
bdnews24