২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ রক্ষীবাহিনী বিলুপ্ত করবে লিবিয়া

লিবিয়ার সব অবৈধ রক্ষীবাহিনী ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির অন্তবর্তী নেতা মোহাম্মদ মাগারিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার সব অবৈধ রক্ষীবাহিনী ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির অন্তবর্তী নেতা মোহাম্মদ মাগারিফ। এ মাসে বেনগাজিতে হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিহত হওয়ার পর এ পদক্ষেপ নিচ্ছেন তিনি। মাগারিফ জানিয়েছেন, কর্তৃপক্ষের আওতাধীন নয় এমন সব শিবির ও রক্ষীবাহিনী ভেঙে দেয়া হবে এবং অনুমোদনহীন কোন তল্লাশিকেন্দ্র রাখা হবে না। লিবিয়ার সেনাবাহিনী ইতোমধ্যেই রক্ষীবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক আবাসস্থল, রাষ্ট্রীয় সম্পত্তি এবং সাবেক ত্রিপোলি প্রশাসনের সদস্যদের বিষয়সম্পত্তি ত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের ওপর সেনাঅভিযান চলবে। রোববার রাষ্ট্রীয় লানা বার্তা সংস্থা একথা জানায়। গত বছর কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের সময় লড়াইয়ের জন্য উদ্ভব ঘটা বেসামরিক বিভিন্ন শসস্ত্র গোষ্ঠী বা রক্ষীবাহিনীগুলো এখনো সেদেশে দাপটের সঙ্গে টিকে আছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মৃত্যুর পর এ রক্ষীবাহিনীগুলোকে উচ্ছেদ করেছে বেনগাজির অধিবাসীরা। যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলাম-বিরোধী চলচ্চিত্র নিয়ে বিক্ষোভের সময় ১১ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা বেনগাজির মার্কিন দূতাবাসে হামলা চালালে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ ৪ জন নিহত হন। ইসলামি সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ইসলামিক গোষ্ঠী আনসার আল শারিয়া বেনগাজির হামলা চালিয়েছে বলে অভিযোগ আছে। শুক্রবার বেনগাজি থেকে এই গোষ্ঠী ঘাঁটি গুঁড়িয়ে দেয়ার পর লিবিয়ায় সব অবৈধ রক্ষীবাহিনী ভেঙে দেয়ার এ ঘোষণা দিল সরকার। সেনাবাহিনী ইতোমধ্যে রোববার ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী মহাসড়কের ওপর অবস্থিত একটি সামরিক ভবন থেকে এক রক্ষীবাহিনীকে সরিয়ে দিয়েছে। এই বাহিনীর নাম জানানো হয়নি। তবে সেনাবাহিনী ওই দলের সদস্যদের গ্রেপ্তার করেছে এবং অস্ত্র আটক করেছে বলে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৮ঘ.