মুম্বাই, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে সদ্য মুক্তি পাওয়া বলিউডের ছবি ‘বারফি’।
আগামী অস্কারে পাঠানোর জন্য ২০ টি ছবির মধ্যে থেকে বাছাই করে অনুরাগ বসুর ‘বারফি’ কে মনোনীত করা হয়েছে বলে শনিবার জানিয়েছে ‘ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া’ (এফএফআই)।
বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তি ও তার অটিস্টিক বন্ধুকে ঘিরে গড়ে উঠেছে এ চলচ্চিত্রের কাহিনী।
মুম্বাইয়ের চলচ্চিত্র শিল্পে পারিবারিক কাহিনী বা ভাবপ্রবণ প্রেমের ছবির প্রাধান্য থাকলেও অন্যধারার ছবি বারফি সমালোচকদের প্রশ্রংসা কুড়িয়েছে।
ছবির কেন্দ্রীয় দুই চরিত্রের অভিনেতা রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় সমালোচকদের নজর কেড়েছে।
এফএফআই এর সাবেক সভাপতি ও জুরি বোর্ডের সদস্য এল সুরেশ বলেন, “গতানুগতিক কাহিনী নির্ভর ছবির ভিড়ে ‘বারফি’ কে অনেক জীবনঘেঁষা মনে হয়েছে। ছবিটি কাউকে দুঃখ দেবে না।”
এ পর্যন্ত ভারতীয় কোনো ছবি অস্কারে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র বিভাগে কোনো পুরস্কার পায়নি। তবে ‘লগন’, ‘সালাম বোম্বে’ ও ‘মাদার ইন্ডিয়া’ অস্কারের জন্য প্রতিযোগিতা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৫৩
bdnews24