দুবাই, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের দুই মন্ত্রীসহ ২০ জন কর্মকর্তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন তারা।
শনিবার ইরানের ফার্স বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আগামী বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া সোমবার সেখানে ‘আইনের শাসন’ বিষয়ক একটি আলোচনা সভায় তার যোগ দেয়ার কথা রয়েছে।
জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেয়ার জন্য প্রায় দুই মাস আগে ইরানের ১৬০ জন প্রতিনিধি ভিসা চেয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ২০ জনের আবেদন নাকচ করেছে বলে ফার্স জানিয়েছে।
ভিসা না দেয়ার কারণ নিয়ে ফার্সের প্রতিবেদনে কিছু বলা হয়নি। তবে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় দেশটির অনেক শীর্ষ কর্মকর্তা রয়েছেন। এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকেও এখনো কোনো বক্তব্য দেয়া হয়নি।
আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশন হবে। এতে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২৫৩ ঘ.
bdnews24