ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালেবানের পক্ষে সংবাদ পরিবেশনের অভিযোগে প্রতিবেশি দেশ পাকিস্তানের সব পত্রিকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আফগানিস্তান।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে বলেছে, পাকিস্তানের পত্রিকাগুলো ‘তালেবান মুখপাত্রদের অপপ্রচারের হাতিয়ার’ হিসেবে কাজ করে।
এছাড়া পাকিস্তানের যে সব পত্রিকা আফগানিস্তানের পূর্বাঞ্চলে রয়েছে সেগুলোর সব সংখ্যা জব্দ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সীমান্তবর্তী প্রদেশগুলোতে পাকিস্তানি সেনাবাহিনীর গোলা হামলা নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এ সিদ্ধান্ত নিল আফগানিস্তান।
মূলত তোরখাম সীমান্ত দিয়ে পাকিস্তানি পত্রিকা যাতে ঢুকতে না পারে সেদিকে নজর দেয়ার ওপর জোর দিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া পাকিস্তানের সীমান্তবর্তী কুনার, নুরিস্তান ও নানগড়হর প্রদেশে পাকিস্তানি পত্রিকা জব্দের নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮১৭ ঘ.
bdnews24