২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান ছেড়েছে ৩৩ হাজার মার্কিন সেনা

তিন বছর আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পাঠানো সর্বশেষ ৩৩ হাজার ‘বাড়তি’ সেনা দেশের পথে রওনা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছর আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পাঠানো সর্বশেষ ৩৩ হাজার ‘বাড়তি’ সেনা দেশের পথে রওনা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। তালেবান বিরোধী যুদ্ধে অংশ নেয়া এবং কিছুটা সময় নিয়ে আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব সেদেশের নিরাপত্তা বাহিনীকে বুঝিয়ে দেয়ার লক্ষ্যেই দেশটিতে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত এ মার্কিন সেনা। এক বিবৃতিতে তাদেরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা। তালেবানদের পিছু হটানো, আল-কায়েদার দোসরদের পরাস্ত করা এবং আফগান বাহিনীর পরিসর বাড়ানোসহ নিরাপত্তা রক্ষায় তাদের দক্ষতা বৃদ্ধিতে এ সেনাদল সফলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। “তাদের এ অগ্রগতি যুক্তরাষ্ট্র এবং নেটো নেতৃত্বাধীন আইএসএএফ বাহিনীকে আফগানিস্তানের নিরাপত্তাভার সেদেশের নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরুর পথ সুগম করে দিয়েছে”, বলেন পানেট্টা। ‘বাড়তি’ এ সেনাদল আফগানিস্তান ছাড়লেও দেশটিতে এখনো রয়ে গেছে যুক্তরাষ্ট্রের ৬৮ হাজার সেনা ও সংশ্লিষ্ট কর্মীরা। তবে এখনো আফগানিস্তানে নিয়মিত সহিংস ঘটনা ঘটছে। সর্বশেষ শুক্রবার উরুজগান প্রদেশের দেহরাউড জেলায় রাস্তার ধারে পেতে রাখা বোমায় একই পরিবারের পাঁচ জন নিহত হয়। নিহতদের মধ্যে দুইজন কন্যাশিশু, দুইজন নারীসহ একজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে আফগান কর্মকর্তারা। এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৯ঘ.