ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি রেস্টুরেন্টের সামনে দুই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এতে অন্ততপক্ষে ১৪ জন নিহত হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছাকাছি শহরটির কেন্দ্রস্থলে চালানো এই হামলায় দায়িত্ব এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
হামলায় নিহতদের মধ্যে সোমালির জাতীয় টেলিভিশনের সাবেক সম্পাদক লিবান আলি নূরসহ আরো দুই সাংবাদিক এবং দুইজন পুলিশও রয়েছেন।
সোমলি সরকার দাবি করেছে, তারা বন্দর নগরী কিসমায়োর দিকে অগ্রসর হচ্ছে। কিসমায়ো দেশটির ইসলামি জঙ্গি সংগঠন আল-শেবাব এর শক্ত ঘাঁটি।
গত বছর ইসলামি জঙ্গিরা রাজধানী মোগাদিশু থেকে পিছু হঠতে বাধ্য হয়। তখন থেকেই তারা রাজধানীতে প্রায়ই বিভিন্ন হামলা চালিয়ে থাকে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, আল- শেবাব আকস্মিকভাবে কিসমায়ো দখল করে নেওয়ার পর শহরটি থেকে অধিবাসীরা পালিয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় ১ হাজার মানুষ অন্যত্র নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহর ছেড়ে যাচ্ছে।
তবে স¤প্রতি আল-শেবাব কিসমায়োর নিয়ন্ত্রণও হারিয়েছে। কিন্তু এরপরও দেশটির দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের বড় অংশজুড়ে তাদের নিয়ন্ত্রণ বহাল রয়েছে।
গত সপ্তায় দেশটির নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করার পর বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো হামলা চালানো হলো।
খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুই হামলাকারীর একজন রেস্টুরেন্টের ভেতরে আত্মঘাতী হামলা চালায়। আর দ্বিতীয় হামলাকারী রেস্টুরেন্টের কাছাকাছি জড়ো হওয়া মানুষের মধ্যে আত্মঘাতী হামলা চালায়।
১৯৯১ সালে প্রেসিডেন্ট সাইদ বারি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সোমালিয়ার বিভিন্ন গোত্র, ইসলামি জঙ্গি এবং এর প্রতিবেশীরা দেশটির ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২২ ঘ.
bdnews24