ওয়াশিংটন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ‘ইসলাম অবমাননা’র বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন ওই ছবিতে অভিনয় করা মার্কিন অভিনেত্রী সিন্ডি লী গার্সিয়া।
তার সঙ্গে জালিয়াতি এবং সুনামহানি করা হয়েছে- অভিযোগে লস অ্যাঞ্জেলেসের আদালতে বুধবার অভিযোগপত্র দাখিল করেন গার্সিয়া।
এছাড়া, ইন্টারনেটে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবকে ওই ভিডিওচিত্র সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন তিনি।
গার্সিয়া বলেছেন, তিনি এবং ওই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের বলা হয়েছিল তারা মরু অভিযানের বিষয়বস্তু নিয়ে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে চিত্রিত করা হবে এমন কথা তাদেরকে জানানোই হয়নি।
তিনি আরো বলেন, সিনেমার ইসলাম-বিরোধী সংলাপগুলো পরবর্তীতে ডাবিং করা হয়েছে এবং মূল চিত্রনাট্যে হজরত মুহম্মদ (সাঃ)-এর কোন উল্লেখ ছিল না।
এ প্রতারণার কারণেই চলচ্চিত্রটির মিশরীয় বংশোদ্ভূত প্রযোজক নাকুলা বাসিলি নাকুলার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন গার্সিয়া।
বিতর্কিত এ চলচ্চিত্রের খবর ছড়িয়ে পড়ার পর এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মার্কিন-বিরোধী বিক্ষোভ সহিংসতা শুরু হয়। লিবিয়ার বেনগাজিতে হামলায় নিহত হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চার জন। বিশ্বের অন্যান্য দেশের পশ্চিমা দূতাবাসগুলোতেও হামলা চালায় বিক্ষুব্ধ মুসলিমরা।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মগোপন করেছেন ছবিটির প্রযোজক নাকুলা বাসিলি নাকুলা।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে নকুলা বলেছেন, তিনি ছবিটি তৈরি করতে সহায়তাকারী একটি কোম্পানির ম্যানেজার ছিলেন মাত্র। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিশ্বাস, নকুলাই ছবিটির পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩২ঘ.
bdnews24