২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যিশু বিবাহিত ছিলেন? বিতর্ক উস্কে দিচ্ছে নতুন প্যাপিরাস

যিশু কি বিবাহিত ছিলেন? প্রশ্নটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। সে বিতর্কই এবার নতুন করে উস্কে দিচ্ছে এক টুকরো প্যাপিরাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

বোস্টন, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যিশু কি বিবাহিত ছিলেন? প্রশ্নটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। সে বিতর্কই এবার নতুন করে উস্কে দিচ্ছে এক টুকরো প্যাপিরাস। প্রাচীন মিশরের কোনো এক খ্রিস্টান পুরোহিতের লেখা একটি অসমাপ্ত বাক্য আছে এই প্যাপিরাসে। যা আগে কারো জানা ছিল না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস এর হারভার্ড ডিভিনিটি স্কুলের অধ্যাপক কারেন কিং ইতালির রাজধানী রোমে এক সম্মেলনে চতুর্থ শতাব্দীর ওই প্যাপিরাসের কথা জানান। কিং এর নাম দিয়েছেন ‘দ্য গসপেল অব জেসাস’স ওয়াইফ’। একটি বিজনেস কার্ডের সমান এ প্যাপিরাসে লেখা রয়েছে, “যিশু তাদের বললেন, আমার স্ত্রী...”। হারভার্ড থেকে প্রকাশিত এক বিবৃতিতে কিং বলেছেন, “যিশু বিবাহিত নন, এই দাবির পক্ষে ঐতিহাসিক কোনো প্রমাণ না থাকার পরও খ্রিস্টীয় ঐতিহ্যে এই বিশ্বাস দীর্ঘদিন ধরে লালিত হয়ে আসছে। তবে নতুন এই গসপেল বা প্যাপিরাসের লেখা অবশ্য প্রমাণ করে না যে যিশু বিবাহিত ছিলেন। কিন্তু এটি আমাদের ধারণা দেয় যে প্রশ্নটি বিয়ে ও যৌনতা নিয়ে তীব্র বিতর্কের অংশ হিসেবেই আমাদের সামনে আসছে।” খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এবং ক্যাথলিক চার্চের বিশ্বাস অনুযায়ী, যিশুকে অবিবাহিত অবস্থাতেই ক্রুশবিদ্ধ করা হয়। তবে এরপরও ড্যান ব্রাউনের বহুল বিক্রিত উপন্যাস ‘ডা ভিঞ্চি কোড’ সহ বিভিন্ন বই ও আলোচনায় নানাভাবে যিশুকে বিবাহিত দেখিয়ে বিতর্ক উস্কে দেয়া হয়েছে। গবেষকদের একটি অংশ মনে করেন, যিশু ম্যারি ম্যাগডালিনিকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি সন্তানও ছিল। এ রকমটিই দেখানো হয়েছে ড্যান ব্রাউনের ডা ভিঞ্চি কোডে। তবে ‘দ্য গসপেল অব জেসাস’স ওয়াইফ’ নামের প্যাপিরাসটি সঠিক বলেই মানছেন নিউ ইয়র্কের ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব দ্য এনসায়েন্স ওয়ার্ল্ডেও পরিচালক রজার বাগনাল। কিন্তু এ প্যাপিরাসের আরো পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বিশেষজ্ঞরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১০০ ঘ.