২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা আরো শিথিল হোক, চান সু চি

মিয়ানমার সরকারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরো শিথিল হোক- যুক্তরাষ্ট্র সফরকালে এ কামনা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

মিয়ানমার, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমার সরকারের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরো শিথিল হোক- যুক্তরাষ্ট্র সফরকালে এ কামনা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকের পর সু চি বলেন, ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটে তিনি মিয়ানমারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে। মিয়ানমারে আগের সামরিক জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল উল্লেখ করে সু চি বলেন, কিন্তু এখন বাইরের কোনো সাহায্য ছাড়াই জনগণকে গণতন্ত্র সুসংহত করতে হবে। “আমি নিষেধাজ্ঞা শিথিলেরই পক্ষে। কারণ, আমি মনে করি আমাদের দেশের জনগণ এখন নিজেরাই নিজেদের ভাগ্য গড়ার দায়িত্ব নিতে পারে।” যুক্তরাষ্ট্রে দু’সপ্তাহের সফরকালে ওয়াশিংটনের ‘ইউএস ইন্সটিটিউট অব পিস’ এ এক উদ্বোধনী বক্তব্যে একথা বলেন সু চি। মিয়ানমারে নতুন আধা-বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক রাজনৈতিক ও সামাজিক সংস্কার পদক্ষেপের কারণে দেশটির ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা এরই মধ্যে কিছুটা শিথিল হয়েছে। কিন্তু মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার আবারো আগের অবস্থানে ফিরে যেতে পারে বলে সতর্ক করেছেন হিলারি ক্লিনটন। আর এ আশঙ্কার কারণেই মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি উঠিয়ে নেয়নি পশ্চিমা দেশগুলো। পিস ইন্সটিটিউটের বক্তব্যে সু চি বলেন, মিয়ানমার সংস্কারকাজের পথে ‘প্রথম বাধা’ দূর করেছে। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের বৃহত্তর সম্পর্কের আওতায় নিষেধাজ্ঞা আরো শিথিল হওয়া উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৯৩৭ঘ.