নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত সন্ত্রাসী মোহাম্মদ আজমল কাসব ভারতের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।
ভারতের সর্বোচ্চ আদালতে কাসবের মৃত্যুদণ্ড বহাল রাখার সপ্তাহ খানেক পর মঙ্গলবার এই আবেদন করলেন কাসব।
মুম্বাইয়ে ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়।
কাসবের প্রাণভিক্ষার এই আবেদন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে টেলিভিশনের খবরে বলা হয়েছে।
এ ব্যাপারে রাষ্ট্রপতি কখন সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলাকারী মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মোহাম্মদ আফজল গুরুর প্রাণভিক্ষার আবেদন এখনো পড়ে আছে। তার বিষয়েও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সদস্য কাসব ২০১০ সালে আদালতে ৮০টিরও বেশি অভিযোগে দোষী সাব্যস্ত হন। অভিযোগগুলোর মধ্যে হত্যা, ভারতের বিরুদ্ধে যুদ্ধও রয়েছে। এসব অভিযোগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয় আদালত।
ওই রায়ের বিরুদ্ধে কাসব আপিল করার পর চলতি বছরের ২৯ অগাস্ট পূর্ববর্তী আদালতের দেওয়া দণ্ড বহাল রাখে সর্বোচ্চ আদালত।
২০০৮ সালের নভেম্বরে কাসব একে-৪৭ রাইফেলসহ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে হামলা চালান। এটি ছিল একটি ধারাবাহিক সন্ত্রাসী হামলার অংশ। কাসবের দলের অন্য সদস্যরা বিলাসবহুল হোটেল ও ইহুদি কেন্দ্রেও হামলা চালায়।
হামলাকারীদের মধ্যে একমাত্র কাসবকেই আহতাবস্থায় জীবিত ধরা সম্ভব হয়। বাকিরা মারা যায়।
এই হামলার ঘটনাকে কেন্দ্র করে পরমাণু ক্ষমতাধর প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে প্রচণ্ড উত্তেজনার জন্ম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩০ ঘ.
bdnews24