২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান নিয়ে বৈঠকে বসবে বিশ্বের শক্তিধর দেশগুলো

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আলোচনার জন্য বিশ্বের শক্তিধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীরা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ব্রাসেলস, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আলোচনার জন্য বিশ্বের শক্তিধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীরা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন। মঙ্গলবার ইরানের সঙ্গে আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর এ বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বের শীর্ষ শক্তিধর ছয়টি দেশের প্রতিনিধি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান ক্যাথেরিন অ্যান্থন ইরানের বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক অবরোধ আরো জোরদার করে ও আলাপ-আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচীর আয়তন ছোট করে আনার জন্য ইরানকে রাজি করানোর আহ্বান জানিয়েছেন। শক্তিধর দেশগুলোর ধারণা, পরামাণু কর্মসূচীর আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। আর পশ্চিমাদের ওই অভিযোগ বরাবর অস্বীকার করে ইরান দাবি করছে, তাদের পরমাণু কর্মসূচী শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত। সর্বশেষ তুরস্কের ইস্তাম্বুলে অ্যাস্থন ও ইরানের পক্ষে প্রধান মধ্যস্থতাকারী সায়িদ জালিলির মধ্যে বিষয়টি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উভয়পক্ষই বৈঠকটিকে “গঠনমূলক ও কার্যকর” বলে বর্ণনা করেছেন। অ্যাস্থনের মুখপাত্রের মতে, এই বৈঠকটি ছিল আলোচনায় অগ্রগতির জন্য ইরানের ওপর চাপ সৃষ্টি করার গুরুত্বপূর্ণ সুযোগ। এপ্রিল থেকে এ পর্যন্ত দুপক্ষের মধ্যে তিনদফা আলোচনা হলেও অগ্রগতি সামান্য। তারপরও কোনো পক্ষই আলাপ-আলোচনার পথ বন্ধ করতে চায় না। কারণ তাতে একটি নতুন যুদ্ধের সূচনা হতে পারে। মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল ইরানের পরমাণু বোমা বানানোর সক্ষমতাকে নিজের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে। দেশটি জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা ও অর্থনৈতিক অবরোধ ব্যর্থ হলে তারা ইরানে হামলা চালাবে। শুধু শক্তিধর ছয়টি দেশ- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে ইরানের রাজনৈতিক আলোচনার মধ্য দিয়েই এ বিষয়ে একটি সমাঝোতা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন বিশ্লেষকরা। এক বিবৃতিতে অ্যাস্থনের মুখপাত্র জানিয়েছেন, “ইরানের সঙ্গে চলমান আলোচনা এগিয়ে নেওয়ার কৌশল নির্ধারণ ও পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে মন্ত্রীসপ্তাহ চলার সময় শীর্ষ শক্তিধর ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছেন অ্যাস্থন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.