২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আহত মার্কিন রাষ্ট্রদূতকে উদ্ধারের চেষ্টা করেছিল লিবীয়রা’

লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পর আহত রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সকে উদ্ধারের চেষ্টা করেছিল লিবিয়ানরা। অপেশাদার এক ভিডিওতে এমনই প্রমাণ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

বেনগাজি, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পর আহত রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সকে উদ্ধারের চেষ্টা করেছিল লিবিয়ানরা। অপেশাদার এক ভিডিওতে এমনই প্রমাণ পাওয়া গেছে। ইন্টারনেটে ছাড়া ওই ভিডিও থেকে নিশ্চিত হওয়া গেছে, রাষ্ট্রদূত স্টিভেন্স শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। আগে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে রাষ্ট্রদূত শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে দাবি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইসলাম ও হযরত মোহাম্মদকে (সা.) হেয় করা’ এক চলচ্চিত্রের জের ধরে গত মঙ্গলবার বেনগাজির মার্কিন দূতাবাসে হামলা চালায় একদল উত্তেজিত জনতা। হামলার এক পর্যায়ে ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টিভেন্সসহ পাঁচ মার্কিন নাগরিক নিহত হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দূতাবাস ভবনের ধোঁয়া ভর্তি একটি ঘর থেকে অচেতন রাষ্ট্রদূতকে উদ্ধার করার চেষ্টা করছে একদল লিবীয়। এই ভিডিও রাষ্ট্রদূতের মৃত্যু বিষয়ে নতুন বিষয় তুলে আনলো। এই প্রথম জানা গেল দূতাবাসে যারা জোর করে প্রবেশ করেছিল তারা স্টিভেন্সকে দূতাবাসের একটি ঘরের মেঝেতে একা পড়ে থাকতে দেখে উদ্ধারের চেষ্টা চালিয়েছিল। এ সময় রাষ্ট্রদূতের পাশে কোনো নিরাপত্তারক্ষীও ছিল না। ভিডিওতে দেখা যায়, দূতাবাসের ভিতর টর্চের আলো ও মোবাইল ফোনের আলোতে একদল যুবক একজন বিদেশি লোককে মেঝেতে পড়া অবস্থায় পেয়েছে বলে আলোচনা করছে। এরাই অন্যান্য প্রতিবাদকারীদের সঙ্গে মিলে এরআগে দূতবাসটি ভাংচুর করেছে। এদের একজন চিৎকার করে বলছে, “এই ঘরের ভেতরে একজন আছে। এক বিদেশি, এক বিদেশি। তাকে বাইরে নিয়ে আসো। আরেকজন বলছে, “তাকে বাইরে আনো, বাছা! তাকে বাইরে আনো।” “মানুষটি বেঁচে আছে। তাকে বের করতে হবে। তাকে বাইরে নিতে হবে,” অপর একজন চিৎকার করে বলছিল। “বেঁচে আছে, বেঁচে আছে! আল্লাহ মহান,” অনেকেই বলে উঠলো। কেউ একজন একটি গাড়ি নিয়ে আসার জন্য চিৎকার করে বলছিল। আর একজন জিজ্ঞেস করছিল উপস্থিত লোকজনের মধ্যে চিকিৎসক কেউ আছেন কিনা। দ্রুত একটি গাড়ি নিয়ে আসার জন্যও তাড়া দিচ্ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১১ ঘ.