২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বব্যাপী গণতন্ত্র হ্রাস পেয়েছে ২০১১ সালে’

২০১১ সালে বিশ্বব্যাপী গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ‘আরব বসন্তের’ মাধ্যমে প্রবর্তিত হওয়া গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১১ সালে বিশ্বব্যাপী গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ‘আরব বসন্তের’ মাধ্যমে প্রবর্তিত হওয়া গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। আর এসব দেশের নতুন শাসকরা আবার একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় ফিরে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। সোমবার পর্যবেক্ষক গোষ্ঠী ‘ফ্রিডম হাউস’ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ‘আরব বসন্ত’র দেশগুলোর মধ্যে শুধু তিউনিসিয়ার সরকার ব্যবস্থা গণতান্ত্রিক উত্তরণে উল্লেখ করার মতো সাফল্য অর্জন করেছে বলে প্রতিবেদনটিতে বলা হয়। এক্ষেত্রে মিশরের অগ্রগতি সামান্য আর বাহরাইনের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা আরো কঠোর রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, মানের দিক থেকে সরকারগুলোর অর্জন অবনতির নিচে ঢাকা পড়ে গেছে। এর মধ্যে সরকারগুলোর জবাবদিহিতার অভাব আর দেওয়ানি ও ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে আইনের শাসনের অভাব উল্লেখযোগ্য। ফ্রিডম হাউসের প্রকল্প পরিচালক ভ্যানেসা টাকার বলেন, এই ক্রমাবনতিশীল পরিস্থিতি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উচ্চকণ্ঠদের প্রতি এক সাবধানবাণী, যারা মনে করে তিউনিসিয়া, লিবিয়া ও মিশরের বর্বর একনায়কতান্ত্রিক ব্যবস্থার পতন গণতন্ত্রের পক্ষে এক নাটকীয় অগ্রগতি। তিনি বলেন, “একনায়কতান্ত্রিকতার পুরনো পদ্ধতির অবসান অনভিজ্ঞ প্রতিনিধিত্বশীল সরকারের প্রতি মানুষের আকুণ্ঠ সমর্থন ও ধারাবাহিক প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সূচনা করেছে কিনা তা পরিষ্কার নয়।” “রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও শারীরিক নিরাপত্তার মধ্যে মানুষ বেশিদিন ধৈর্য ধরে থাকতে পারে না। তাই জনগণের কম বিশৃঙ্খলাপূর্ণ একটি পরিবেশের আকাঙ্খা নেতাদের একনায়কতান্ত্রিক ধারার দিকে ঠেলে দিতে পারে।” ৭২ টি দেশের চারটি বিষয় ধরে গবেষণাটি পরিচালনা করে ফ্রিডম হাউস। এগুলো হলো, সরকারের জবাবদিহিতা ও জনগণের বাক স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, আইনের শাসন এবং দুর্নীতি দমন ও স্বচ্ছতা। ২০০৯ এর এপ্রিল থেকে ২০১১ এর ডিসেম্বর পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৯ ঘ.