২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মাস পর প্রকাশ্যে এলেন হিজবুল্লাহ প্রধান

ইসলাম ধর্মবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর নিন্দা জানানোর জন্য নয়মাস পর প্রকাশ্যে এলেন লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসারাল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 03:20 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ধর্মবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ এর নিন্দা জানানোর জন্য নয়মাস পর প্রকাশ্যে এলেন লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসারাল্লাহ। যুক্তরাষ্ট্রে নির্মিত ওই চলচ্চিত্রটির কারণে বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। এই অসন্তোষ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে। বিভিন্ন দেশে প্রতিবাদ-বিক্ষোভ ছাড়াও মার্কিন দূতাবাসগুলোতে হামলার ঘটনাও ঘটছে। সোমবার দক্ষিণ বৈরুতের ওই প্রতিবাদ সমাবেশে নাসারাল্লাহ বলেন, “পুরো চলচ্চিত্রটি মুক্তির অনুমোদন দিলে যুক্তরাষ্ট্রকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।” বিশাল ওই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে তিনি চলচ্চিত্রটির বিরুদ্ধে নিন্দা জানিয়ে ভাষণ দেন বলে বিবিসি জানিয়েছে। তিনি বলেন, “ইসলামের ওপর জঘন্যতম এই হামলার কারণে মুসলমানদের লাঞ্ছনার ব্যাপকতা বিশ্ব বুঝতে পারছে না।” গত ডিসেম্বরের পর থেকে এই প্রথম প্রকাশ্যে এলেন হিজবুল্লাহ প্রধান। গুপ্ত হত্যার শিকার হতে পারেন এই আশঙ্কায় সাধারণত প্রকাশ্যে আসেন না তিনি। বিবিসির বৈরুত প্রতিনিধি জানিয়েছেন, চলচ্চিত্রটির প্রতিবাদে আয়োজিত অন্যান্য বিক্ষোভ সমাবেশ থেকে এই সমাবেশ আলাদা ধরনের ছিল। হিজবুল্লাহর এই সমাবেশে কোনো ধরনের সহিংস মনোভাব ছিল না। এমনকি লেবাননের অন্যান্য অঞ্চলের প্রতিবাদ বিক্ষোভ থেকেও এই সমাবেশ অন্যরকম ছিল। উত্তর লেবাননের ত্রিপোলির এক বিক্ষোভ সমাবেশে সহিংসতায় একজনের মৃত্যু হয়েছিল। সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষ পতাকা নাড়িয়ে স্লোগান দেয়, “আমেরিকা, আমাদের কথা শোনো, আমাদের নবীকে অপমান করো না।” এই সমাবেশের আগের দিন রোববার এক টেলিভিশন ভাষণে সপ্তাহব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দেন নাসারাল্লাহ। তবে শুধু মার্কিন দূতাবাসের বিরুদ্ধেই প্রতিবাদ করার ডাক দেননি তিনি, মুসলিম দেশের সরকারগুলো যেন যুক্তরাষ্ট্রকে তাদের ক্ষোভের কথা জানায় সেই বিষয়ে চাপ সৃষ্টি করার উদ্দেশ্যেও তিনি এই সমাবেশের ডাক দেন। ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের অত্যন্ত দুর্বলভাবে নির্মিত, অজ্ঞাত উৎস থেকে চলচ্চিত্রটির অংশ বিশেষ ইন্টারনেটের মাধ্যমে গত মঙ্গলবার থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে প্রতিবাদ সহিংসতায় এ পর্যন্ত এক ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/০৯১৪ ঘ.