মিয়ানমার, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমার ৫শ’রও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে রাজবন্দিও রয়েছে বলে ধারণা প্রকাশ করেছে বিরোধীদল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’ (এনএলডি)।
এ বন্দিমুক্তির আওতায় মিয়ানমারের জেলে আটক বাদবাকী সব রাজবন্দি মুক্তি পেয়ে গেছে বলেই ধারণা করছে তারা।
মিয়ানমারের বন্দিশিবিরগুলোতে রাজবন্দিদের সংখ্যায় হেরফের আছে। তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্যানুয়ায়ী, জেলে আটক রাজবন্দির সর্বশেষ সংখ্যা প্রায় ৩শ’।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে মুক্তিপ্রাপ্তদের মধ্যে রাজবন্দি আছে কিনা সে বিষয়টি পরিষ্কার করে জানানো হয়নি।
তবে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র দল এনএলডি’র কর্মকর্তা নাইং নাইং বলেছেন, সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাওয়াদের মধ্যে দেশের অবশিষ্ট ৪২৪ রাজবন্দি আছে এ ব্যাপারে তিনি আশাবাদী।
মিয়ানমারে বন্দিদের বিষয়টি তদারককারী থাইল্যান্ড-ভিত্তিক গোষ্ঠী ‘অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনারস’ (এএপিপি) এর কাছ থেকে মুক্তি পাওয়া রাজবন্দিদের বার্তাও পাওয়া গেছে বলে জানান নাইং।
তবে এএপিপি’র মহাসচিব বো কি’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রয়টার্সকে বলেন, “মুক্তিপ্রাপ্তদের মধ্যে রাজবন্দি আছে। কিন্তু তারা সংখ্যায় কতজন তা নিশ্চিত করে জানতে সময় লাগবে।”
মিয়ানমার সরকার এর আগে গত বছর অক্টোবরে সাধারণ ক্ষমার আওতায় উচ্চপদস্থ বহু রাজবন্দিকে মুক্তি দিয়েছে।
এবারে মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেইন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে নিউ ইয়র্কে যাওয়ার আগে বন্দি মুক্তির এ পদক্ষেপকে দু’দেশের মধ্যে ক্রমবিকাশমান সুসম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে থেন সেইনের। ওদিকে, ভিন্ন আরেক সফরে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে যাত্রা করেছেন সু চি।
গত এপ্রিলে সু চি মিয়ানমারের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া এবং সরকারের একের পর এক সংস্কার পদক্ষেপের কারণে দেশটির ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হয়েছে।
’২০১১ সালের মে থেকে এ বছর জুলাই পর্যন্ত মিয়ানমারে মুক্তি পেয়েছে প্রায় ৭শ’ রাজবন্দি।
মিয়ানমারে নিষেধাজ্ঞা শিথিলের পূর্বশর্ত হিসাবে বাদবাকী রাজবন্দিদের বরাবরই মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে এসেছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৬৩০ঘ.
bdnews24